সেতুমন্ত্রীর আশ্বাসে মতলব সেতু তৈরির কাজ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীর ওপর নির্মাণাধীন মতলব সেতু তৈরির কাজ আবার শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে নির্মাণকাজ শুরু হয়। চাঁদাবাজদের হুমকিতে তিন দিন বন্ধ থাকার পর মন্ত্রীর আশ্বাসে এই নির্মাণকাজ শুরু হয়েছে।
সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম জানান, মতলব পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ কয়েক দিন আগে তাঁর (আলম) কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় মোহাম্মদ আলমকে নানাভাবে হুমকি দিতে থাকেন ওই কাউন্সিলর। হুমকির কারণে গত বুধবার সকাল থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়।
মোহাম্মদ আলম জানান, বিষয়টি গত বৃহস্পতিবার চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জানানো হয়। গতকাল শুক্রবার বেলা দুইটায় সেতুমন্ত্রী মতলব সেতু পরিদর্শনে আসেন এবং নির্মাণকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশ ও আশ্বাস পেয়ে আজ থেকে পুনরায় সেতুর কাজ শুরু করেছেন বলে জানান মোহাম্মদ আলম।

চাঁদপুর সওজের বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, সেতুমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ও দরপত্রের শর্ত অনুসারে আগামী জুন মাসের মধ্যে সেতুটি নির্মাণকাজ শেষ করা হবে।
চাঁদপুর সওজ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে ধনাগোদা নদীর ওপর ৩০৪ দশমিক ৫০ মিটার দীর্ঘ মতলব সেতুর কাজ শুরু হয়। নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৬০ লাখ টাকা।