সেতুর অপেক্ষায় বছরের পর বছর পার

একটি সেতুর অভাবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ১৭টি গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে বছরের পর বছর ধরে। স্থানীয় লোকজন নিজেরাই ইউনিয়নের ফুকুরহাটি নদীর ওপর বিশাল এক বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়, হামিরদী ইউনিয়ন পরিষদসংলগ্ন (ইউপি) পদ্মা নদীর শাখা ফুকুরহাটি নদী। এ নদীর ওপর প্রায় ২৫০ ফুট লম্বা বিশাল বাঁশের সাঁকো। এর পূর্বে আছে মুনছুরাবাদ বাজার, ইউনিয়ন পরিষদ, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি গ্রাম। আর পশ্চিমে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড। তিনটি ওয়ার্ডে ১৭টি গ্রাম। এসব গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সাঁকো দিয়ে পারাপার হয়।
ভিমেরকান্দা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইসমাঈল মাতুব্বর বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে এই নদীর ওপর বাঁশের সাঁকো রয়েছে। স্থানীয় লোকজন মিলে এটি তৈরি করেছিল। কোনো সমস্যা হলে প্রতিবার ঠিক করে করে এত বছর ধরে চলছে। সাঁকোয় ওঠা-নামার রাস্তাটিও এলাকাবাসীর টাকায় তৈরি। মুনছুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নিশি আক্তার ও রুবেল বলে, প্রতিদিন ভয়ে ভয়ে সাঁকো পার হতে হয়। পার হতে গিয়ে অনেক সময় তারা নদীতে পড়েও যায়।
স্থানীয় কৃষক আইয়ুব আলী বলেন, শুধু সেতুর অভাবে এ অঞ্চলের কোনো ফসল সরাসরি ভাঙ্গা সদর বা ফরিদপুরে নেওয়া সম্ভব হয় না। সেতুটি হলে এ অঞ্চল থেকে ফসল সরাসরি যানবাহনে করে কৃষকেরা নির্ধারিত হাটবাজারে নিতে পারতেন।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাছ আলী বলেন, তাঁর ওয়ার্ডের সাতটি, ৭ নম্বর ওয়ার্ডের ছয়টি ও ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এ সাঁকো দিয়ে চলাচল করে। তিনি আরও বলেন, ‘নদীর ওপর সেতুর জন্য এমপির কাছে অনেক আবেদন করেছি। কাজ হয়নি।’
হামিরদী ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা বলেন, সেতুর জন্য তিনি কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সর্বশেষ স্থানীয় সাংসদ মজিবর রহমান নিক্সন চৌধুরী সেতু নির্মাণের ব্যাপারে চলতি বছরের শেষ দিকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দরপত্র হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।