সেতুর অপেক্ষায় ৪০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী রাজস্থলী উপজেলার ১০ গ্রামের ১৫ হাজারের বেশি মানুষ একটি সেতুর অপেক্ষায় আছে। রেংখ্যং নদীর পশ্চিম পারের দুর্গম এলাকার লোকজন নদী পার হতে নানা সমস্যায় পড়ে।
সরেজমিনে দেখা গেছে, ফারুয়া ইউনিয়নের দুই অংশকে ভাগ করে বয়ে চলেছে রেংখ্যং নদী। নদীর পূর্ব পারে ফারুয়া বাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন স্বাস্থসেবা কেন্দ্র, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়। পশ্চিম পারে এগজ্যাছড়ি, আমকাটাছড়া, দেবাছড়া, রোয়াপাড়া, ত্রিপুরাপাড়াসহ ফারুয়া ইউনিয়ন ও রাজস্থলী উপজেলার কমপক্ষে ১০টি গ্রাম।
স্থানীয় লোকজন জানান, গুরুত্বপূর্ণ সব স্থাপনা নদীর পূর্ব পারে হওয়ায় পশ্চিম পারের শত শত মানুষকে নানা কাজে প্রতিদিন নদী পার হতে হয়। শুষ্ক মৌসুমে তেমন অসুবিধা না হলেও বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ছোট ছেলেমেয়েদের বিদ্যালয় আসা-যাওয়ায় অসুবিধায় পড়তে হয়। বর্ষা মৌসুমে রেংখ্যং নদীর স্রোত বেড়ে গেলে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।
স্থানীয় বয়স্ক ব্যক্তিরা জানান, ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারুয়ায় এসে এক দিন রাত্রি যাপন করেছিলেন। সেই সময় ফারুয়াকে ইউনিয়নে উন্নীত করার আশ্বাস দেন। ওই সময় স্থানীয় লোকজন রেংখ্যং নদীতে একটি সেতু নির্মাণের দাবি করেছিলেন। পরবর্তীকালে ফারুয়া ইউনিয়নে উন্নীত হলেও সেতু নির্মাণের কাজ এগোয়নি।
বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে রাজস্থলী-ফারুয়া-বিলাইছড়ি-জুরাছড়ি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সড়কটির নির্মিত হলে রেংখ্যং নদীতে সেতু নির্মাণ করতে হবে। কয়েক বছর আগে সড়কটির রাজস্থলী অংশে কিছু কাজ হওয়ার পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
এগজ্যাছড়ি গ্রামের তরুণময় তঞ্চঙ্গ্যা (৪৮) বলেন, ‘ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সেতু নির্মাণ করা হবে। কিন্তু তা আর হয় না।’
রোয়াপাড়া গ্রামের মংসিন মারমা (৬০) বলেন, ‘সরকারি লোকজন আসলে সড়ক ও সেতু নির্মাণের কথা বলেন। আমরা বিশ্বাস করি। পরে তাঁরাও ভুলে যান, আমরাও ভুলে যাই। তবে বর্ষাকালে সেতুর প্রয়োজনীয়তা আমাদের খুবই অনুভূত হয়।’
ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘রেংখ্যং নদীতে সেতু নির্মাণ আমাদের দীর্ঘদিনের দাবি। সেতু ছাড়াও রাজস্থলী ফারুয়া সংযোগ সড়ক নির্মাণ করা হলে ফারুয়ার মানুষের দ্রুত আর্থসামাজিক উন্নতি হবে।’
রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জানান, রাজস্থলী-ফারুয়া-বিলাইছড়ি সড়কের রাজস্থলী ও বিলাইছড়ি অংশে কিছু কাজ হয়েছে। পাশাপাশি রাজস্থলী-ফারুয়া-বিলাইছড়ি-জুরাছড়ি ও প্রস্তাবিত ঠেগামুখ স্থলবন্দর পর্যন্ত একটি সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।