সেতুর অভাবে গ্রামটি বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর অভাবে শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামুরা গ্রামটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এ গ্রামটির পাঁচ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
গত ১৯ জুন খাড়ামুরা গ্রামে গিয়ে দেখা গেছে, গারো পাহাড়ের আদিবাসী অধ্যুষিত এ গ্রামটির সীমান্তের উত্তর পাশে ভারতের মেঘালয় রাজ্য। গ্রামের তিন পাশ ঘিরে রয়েছে পাহাড়ি খরস্রোতা নদী সোমেশ্বরী। এ নদীর ওপর কোনো সেতু না থাকায় গ্রামটি বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
এলাকার কয়েকজন জানান, প্রায় দুই দশক আগে এলাকাবাসীর উদ্যোগে সোমেশ্বেরী নদীর ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল। ১৯৯৮ সালের বন্যার সময় সাঁকোটি ধসে যায়।
এরপর এলাকাবাসী একাধিকবার আবেদন জানালেও নদীটির ওপর কোনো সেতু নির্মিত হয়নি। গত শুকনো মৌসুমে রাণীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে সেখানে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল। কিন্তু চলতি বর্ষা মৌসুমের শুরুতেই পাহাড়ি ঢলে পানির প্রবল স্রোতে সাঁকোটি ভেঙে গেছে। এখন কলার ভেলা অথবা নৌকা দিয়ে
নদী পার হচ্ছে এলাকাবাসী। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের প্রবল স্রোতের মধ্যে গ্রামের স্কুল-শিক্ষার্থীসহ এলাকাবাসী ঝুঁকি নিয়ে নদীটি পার হয়ে উপজেলা সদরে যাতায়াত করে থাকে।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শ্রীবরদী উপজেলার সাধারণ সম্পাদক প্রাঞ্জল এম সাংমা বলেন, খাড়ামুরা গ্রামটি উপজেলার শেষ প্রান্তে হওয়ায় এলাকাটি খুবই অবহেলিত। সোমেশ্বরী নদী পার হওয়া ছাড়া এসব গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াত করতে পারে না। ওই গ্রামে কোনো উচ্চবিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের সোমেশ্বরী নদী পাড়ি দিয়ে পার্শ্ববর্তী বালিজুরী গ্রামের বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে হয়।
খাড়ামুরা গ্রামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম জানায়, বর্ষা মওসুমে নদীতে তীব্র স্রোত থাকে। তখন নদী পার হওয়ার ভয়ে অনেক অভিভাবকই সন্তানদের বিদ্যালয়ে পাঠান না।
রাণীশিমুল ইউপির চেয়ারম্যান মো. আবু শামা বলেন, এলাকাবাসীর কষ্ট দূর করতে সোমেশ্বরী নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য তিনি একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
এলজিইডির শ্রীবরদীর উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, স্থানীয় সাংসদের পরামর্শের ভিত্তিতে সোমেশ্বরী নদীর ওপর ৯০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করার জন্য তিনি দুই মাস আগে এলজিইডির প্রধান কার্যালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।