সেতুর অভাবে ঘুরতে হয় ২০ কিলোমিটার
নদী নবগঙ্গা ৫০ গজ চওড়া। তা পার হয়ে পাঁচ কিলোমিটার গেলেই জেলা সদর। কিন্তু সেতু না থাকায় সেই গন্তব্যে পৌঁছাতে হয় ২০ কিলোমিটার ঘুরে। যুগ যুগ ধরে এভাবে যাতায়াত করতে হচ্ছে নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচটি ইউনিয়নবাসীকে।
দূরত্ব ঘোচাতে নবগঙ্গার ব্রাহ্মণডাঙ্গা এলাকায় একটি বেইলি সেতু নির্মাণের জন্য দুই যুগ ধরে দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। সেতুর দাবিতে সম্প্রতি নদীতীরে বেশ কয়েকবার মানববন্ধনও করেছেন তাঁরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নবগঙ্গা নদীর উত্তর পারে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া, শালনগর, নোয়াগ্রাম, নলদী ইউনিয়ন এবং কাশিপুর ইউনিয়নের একটি অংশের বাসিন্দারা বসবাস করেন। সব মিলিয়ে বাসিন্দার সংখ্যা দুই থেকে আড়াই লাখ। অল্প সময়ে জেলা সদরে যেতে চাইলে তাঁদের নৌকায় করে নদী পার হওয়া ছাড়া উপায় নেই। অন্যথায় লোহাগড়ার নলদী ইউনিয়নের মিঠাপুর সেতু অথবা লোহাগড়া উপজেলা শহর ঘুরে যেতে হয়। দুটিই ২০ কিলোমিটারের পথ।
গত ৭ জুন সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণডাঙ্গা ঘাট পারাপারের জন্য সাতটি ডিঙি নৌকা আছে। এগুলোতে পারাপার হতে টাকা লাগে। ঘাটের ইজারাদারের পক্ষ থেকেও আলাদাভাবে টাকা আদায় করা হয়। কিন্তু ইজারাদারের কোনো নৌকা নেই।
একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মহাদেব বিশ্বাস বলেন, ডিঙি নৌকায় নদী পার হতে জনপ্রতি দুই টাকা, বাইসাইকেলপ্রতি তিন টাকা, মোটরসাইকেলপ্রতি ১০ টাকা দিতে হয়। আবার ঘাটের ইজারাদার জনপ্রতি দুই টাকা, বাইসাইকেলপ্রতি তিন টাকা, মোটরসাইকেলপ্রতি ১০ টাকা আদায় করে থাকেন।
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর বলেন, প্রতিদিন শত শত মানুষ নবগঙ্গা পার হয়ে জেলা সদরে যাতায়াত করে থাকেন। এখানে একটি সেতু নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি।
নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আবদুল মোতালেব বিশ্বাস বলেন, জনগুরুত্বপূর্ণ বিধায় ওই স্থানে একটি সেতু নির্মাণের জন্য ২০১৪ ও ২০১৫ সালে পরপর দুবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।