সেতুর অভাবে চার গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি এলাকার ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত সেতুটি পুনর্নির্মাণ না করায় চার গ্রামের ১৫ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমাসে সেখানে বাঁশের সাঁকো দিয়ে কোনোমতে কাজ চালানো হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাঢ়ীরহাট খালের লোহার সেতুটি ২০০৪ সালে ভেঙে যায়। এরপর তা মেরামত করা হয়। ২০০৭ সালের সিডরে সেতুটি বিধ্বস্ত হয়ে ভেসে যাওয়ার পর এখন পর্যন্ত পরে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। বাঁশের সাঁকো দিয়ে পার হতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ইউনিয়নের ফলইবুনিয়া এলাকার হায়দার সিকদার বলেন, ২০০৪ সালে সেতুর ওপর দিয়ে একটি গাড়ি পার হতে গিয়ে সেতুটি ভেঙে যায়। পরে অবশ্য সেতুটি মেরামত করা হয়। কিন্তু ২০০৭ সালের সিডরে সেতুটি ভেসে যায়। জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, সেতুটি সিডরে ভেসে যাওয়ার পর খেয়া নৌকায় মানুষ পারাপার হতো। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছে। দশম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান জানান, বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। অভিভাবক আলতাফ হোসেন বলেন, অনেক সময় তাঁরা বাচ্চাদের পার করে দেন। আবার অনেক সময় তারা নিজেরাই পার হয়। এ জন্য ভয়ের মধ্যে থাকতে হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, সেতু না থাকায় শিয়ালকাঠি, ভিটাবাড়িয়া, জোলাগাতি ও ফলইবুনিয়ার গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগের মধ্যে আছে। ইউনিয়ন পরিষদ থেকে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। সেতু নির্মাণের জন্য তিনি বিভিন্ন জায়গায় ধরনা দিচ্ছেন। কাউখালী উপজেলা প্রকৌশলী মো. ওসমান গনি বলেন, ওই এলাকায় সেতু নির্মাণের জন্য ৩৩ লাখ টাকার একটি প্রাক্কলন তৈরি করা হয়েছে। স্থানীয় সাংসদ শাহ আলম বলেন, নতুন সেতু নির্মাণের চেষ্টা চলছে।