সেতুর অভাবে চার গ্রামের মানুষের ভোগান্তি

স্বাধীনতার পর থেকেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের চারটি গ্রামের মানুষ গোগালিছড়া নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু সে দাবি এখনো পূরণ হয়নি। এ অবস্থায় তারা দুর্ভোগ সয়ে বাঁশের সাঁকো দিয়েই নদী পার হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়চণ্ডীর আবুতালিপুর, রামপাশা, মিঠুপুর ও বেগমানপুর গ্রামের মানুষ ওই সাঁকো দিয়ে চলাচল করে। এসব এলাকার শিক্ষার্থীরা সাঁকো পার হয়ে স্থানীয় দিলদারপুর উচ্চবিদ্যালয়, রহমত আলী ও বন্দে আলী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে। প্রতিবছর বর্ষা মৌসুম শুরুর আগে স্থানীয় ব্যক্তিরা চাঁদা তুলে সাঁকো সংস্কার করেন।
সরেজমিনে গত ৫ এপ্রিল দেখা গেছে, গোগালিছড়া নদীতে কয়েকটি পাকা ও বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছে। অধিকাংশ খুঁটি এক পাশে কাত হয়ে গেছে। এর ওপর বাঁশ ফেলে নির্মিত হয়েছে সাঁকো। টানা কয়েক দিনের বৃষ্টিতে নদীতে পানি বেড়ে গেছে। প্রায় ৬০ ফুট দৈর্ঘ্যের নড়বড়ে সাঁকো দিয়ে কয়েকটি শিশুকে বাঁশ ধরে ধরে পার হতে দেখা যায়।
আবুতালিপুর গ্রামের বাসিন্দা আরব আলী ক্ষোভের সঙ্গে বলেন, ‘দেশ স্বাধীনর পর থাকিই এই হাখম (সাঁকো) দিয়া লোকজন চলাচল করে। এইখানে একটা পুলর (সেতু) লাগি এমপি, ইউনিয়ন চেয়ারম্যানরে অনেক দাবি জানানি অইছে। এমপির (মৌলভীবাজার-২ আসনের স্বতন্ত্র সাংসদ আবদুল মতিন) বাড়িও অই ইউনিয়নে। ভোটর সময় আইলে (এমপি-চেয়ারম্যান) আশ্বাস দেন। পরে তাঁরা ভুলি যাইন।’
মিঠুপুরের রহমত আলী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সালমান ও ফয়ছল বলে, বর্ষা মৌসুমে নদীতে পানি বেশি থাকে। তখন সাঁকো পার হতে তাদের ভয় লাগে।
জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ বলেন, ‘গোগালিছড়ায় সেতু নির্মাণের দাবিটি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার তুলে ধরেছি। কিন্তু কোনো লাভ হচ্ছে না।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুলাউড়া কার্যালয়ের প্রকৌশলী আবুল হোসেন বলেন, খোঁজখবর নিয়ে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
সাংসদ আবদুল মতিন মুঠোফোনে বলেন, ‘এখানে (গোগালিছড়া) বড় সেতু দরকার। এ কাজটা বেশ ব্যয়সাপেক্ষ। এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।’