সেতুর অভাবে চার জেলার মানুষের ভোগান্তি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জয়গঞ্জ ঘাটে সেতু না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে চার জেলার কয়েক লাখ মানুষ। আত্রাই নদের এ অংশে একটি সেতু হলে দিনাজপুরের বীরগঞ্জের পাঁচটি ইউনিয়নসহ ঠাকুরগাঁও, পঞ্চগেড় জেলার সঙ্গে নীলফামারীর সরাসরি যোগাযোগ শুরু হবে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বর্তমানে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা এবং বীরগঞ্জ উপজেলার শতগ্রাম, শিবরামপুর, নিজপাড়া, গোলাপগঞ্জ ও পলাশবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা হয়ে বা বীরগঞ্জের দশমাইল হয়ে সৈয়দপুর শহর দিয়ে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ঘুরে নীলফামারী যেতে হয়। কিন্তু জয়গঞ্জ খেয়াঘাটে সেতু নির্মিত হলে নীলফামারীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে ৩০ কিলোমিটার রাস্তা কমে যাবে।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, নদে পানি কম। দুই পাশে দীর্ঘ বালুচর। শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গ্রাম এলাকায় গড়ে ওঠা জয়গঞ্জ খেয়াঘাটে বাঁশের তৈরি ৫০ মিটার দীর্ঘ একটি সাঁকো আছে।
জয়গঞ্জ ঘাটের ইজারাদার মো. আশরাফুল ইসলাম ওই সাঁকোটি নির্মাণ করেছেন। আর এর ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার কৃষক, কর্মজীবী নারী-পুরুষ, শিক্ষার্থী পার হচ্ছে। অনেকে ঝুঁকি নিয়ে ভ্যান ও মোটরসাইকেলে চলাচল করছে। তবে ভরা মৌসুমে নদে পানি বেশি থাকলে মানুষ নৌকায় চলাচল করে।
খানসামা উপজেলা সদরের কলেজশিক্ষক মো. আমান উল্লাহ বলেন, আত্রাই নদের পূর্ব ও পশ্চিম দুই পারেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর কয়েক হাজার শিক্ষার্থী সেখানে পড়ালেখা করে। শিক্ষার্থীরা বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পার হয়। নদীর দুই পাড়ে বালুচর। যেসব শিক্ষার্থী সাইকেল নিয়ে আসে, তাদেরও বালুচর দিয়ে হেঁটে আসতে হয়।
বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রাকিবুল ইসলাম বলেন, তিনি নীলফামারী সরকারি কলেজে পড়েন। তিন বছর ধরে প্রতিদিন ভ্যানে চড়ে প্রথমে নদের ঘাটে যান। এরপর বর্ষাকালে নৌকায় আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকোর ওপর দিয়ে এক থেকে দেড় কিলোমিটার পথ হেঁটে নদ পার হয়ে খানসামা উপজেলায় যান। সেখান থেকে ভ্যানে করে নীলফামারী শহরে যেতে হয়। তার মতো শত শত শিক্ষার্থী এভাবে দুই থেকে আড়াই ঘণ্টা সময় রাস্তা অতিক্রম করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করতে যায়।
বলদিয়াপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম বলেন, দোকানের মালামাল সপ্তাহে দুদিন নদের ওপারে ভবানীগঞ্জ হাটে নিয়ে যেতে হয়। বেচাকেনা শেষে রাতে মালামাল নিয়ে নদ পারাপারে অনেক সময় নৌকা পাওয়া যায় না।
শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আতাউর রহমান বলেন, হাজার হাজার মানুষ এ পথ দিয়ে চলাফেরা করে। নীলফামারীতে পর্যটনকেন্দ্র ‘নীলসাগর’ আছে। এলাকার উন্নয়নে খেয়াঘাটে একটি সেতু হলে দুই পারের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে।
শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী বলেন, জয়গঞ্জ খেয়াঘাটে সেতু হওয়া অত্যন্ত প্রয়োজন। এখানে সেতু না থাকায় বীরগঞ্জ, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও ঠাকুরগাঁও সদরের কয়েকটি ইউনিয়নের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।