সেতুর অভাবে ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর সদরের কোটতলী বাইপাস এলাকায় সিঙ্গিমারী নদীতে সেতু নির্মিত না হওয়ায় ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে স্থানীয় লোকজন। সেতু না থাকায় আশপাশের এলাকার প্রায় ২৫ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। লোকজনকে সেতুর অভাবে এক কিলোমিটার পথ পেরিয়ে উপজেলায় যেতে চার কিলোমিটার ঘুরতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, সিঙ্গিমারী নদীর এক পারে পাটগ্রামের কোটতলী বাইপাস, অন্য পারে কলাবেচাতারী গ্রাম। প্রতিদিন পাটগ্রামের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড এবং দহগ্রাম ও কুচরিবাড়ী ইউনিয়নের ২৫ হাজার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। এ নিয়ে পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও ওই স্থানে সেতু নির্মিত হয়নি।
সরেজমিনে দেখা গেছে, নদীর ওপর বাঁশের সাঁকোটি বেশ নড়বড়ে। এলাকাবাসী ওই সাঁকোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে।
কলাবেচাতারী গ্রামের কৃষক রুহুল আমিন ও দহগ্রামের সাধু জানান, সাঁকো পেরিয়ে এক কিলোমিটার পথ গেলেই পাটগ্রাম উপজেলা শহরে যাওয়া যায়। কিন্তু কৃষিপণ্য নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলাচল করা যায় না। এ কারণে চার কিলোমিটার ঘুরে কৃষিপণ্য নিয়ে উপজেলা শহরের রসুলগঞ্জ হাটে যেতে হয়। এতে তাঁদের পণ্য বহনের খরচ বেড়ে যায়।
পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী শাহিনুর জানান, গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করে। ওই স্থানে সেতু না থাকায় শিক্ষার্থীদের চার কিলোমিটার পথ ঘুরে বিদ্যালয় ও কলেজে যেতে হয়। বাঁশের সাঁকোটি নড়বড়ে হওয়ায় শিক্ষার্থীরা ভয়ে এর ওপর দিয়ে চলাচল করতে চায় না।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) পাটগ্রাম কার্যালয়ের প্রকৌশলী হায়দার আলী জানান, এটি পৌরসভার মধ্যে রয়েছে। তাই সেতু নির্মাণের বিষয়ে পৌর মেয়রকে সিদ্ধান্ত নিতে হবে।
পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী জানান, ওই স্থানে সাত-আট মাস আগে ৪৫ মিটারের একটি সেতুর নকশা এলজিইডির প্রকৌশলীকে দেওয়া হয়েছে। বরাদ্দ এলেই সেতুর নির্মাণকাজ শুরু হবে।