সেতুর অভাবে দুই ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সেতুর অভাবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও পাশের ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বছরের অধিকাংশ সময় দুর্ভোগ পোহাচ্ছে।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উজানচর ইউনিয়নের মৈজদ্দিন মণ্ডলপাড়া ও সাহাজদ্দিন মাতব্বরপাড়া এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া একটি বড় খালে বছরের অধিকাংশ সময় পানি থাকে। স্থানীয় লোকজন খেয়া নৌকার মাধ্যমে এই খাল পারাপার হয়। উজানচর ও ঈশান গোপালপুর ইউনিয়নের অন্তত ১৫ থেকে ১৬টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এ পথে যাতায়াত করে।ঈশান গোপালপুর ইউনিয়নের কেদন মীরপাড়ার কৃষক মোজাফফর বেপারী (৬৫) জানান, মৈজদ্দিন মণ্ডলপাড়া ও সাহাজদ্দিন মাতব্বরপাড়ার খাল খেয়া নৌকার মাধ্যমে পার হয়ে ১০ থেকে ১২টি গ্রামের আট-নয় হাজার মানুষ যাতায়াত করে। একই গ্রামের বিল্লাল খাঁ বলেন, ‘ফরিদপুর থেকে আমাদের সবচেয়ে কাছে হয় গোয়ালন্দ বাজার। সপ্তাহের দুই দিন গোয়ালন্দ হাট এবং অন্য দুই দিন জামতলা হাটে যাতায়াত করতে এই খাল পার হতে হয়।’ স্থানীয় আবদুস সাত্তার খাঁ বলেন, বৈশাখ থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত জমার ভিত্তিতে এখানে খেয়া চলে। বছরের বাকি সময় নৌকা না চলায় সাঁকো দিয়ে পারাপার হতে হয়। একই ধরনের কথা বলেন কৃষক কাশেম মুন্সি, কালাম মুন্সিসহ কয়েকজন।উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, ‘দুই উপজেলার দুটি ইউনিয়নের জনগণের যাতায়াতের একমাত্র মাধ্যম এই খেয়াঘাট। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী এবং আমি একটি সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। দুদুখানপাড়া মোহসিন ডাক্তারের বাড়ি থেকে খেয়াঘাট মান্নান গাছির বাড়ি পর্যন্ত পাকা সড়কের কাজ হয়েছে। এখন সেতুটি নির্মিত হলে মানুষ যাতায়াতে স্বস্তি পাবে।’