সেতুর অভাবে দুর্ভোেগ ২৮ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়নের কদমতলী ও হাসনাবাদ গ্রামের মাঝামাঝি গোমতী নদীর ওপর একটি সেতু না থাকায় ২৮ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গোমতী নদীর এপারে কদমতলী গ্রাম, ওপারে হাসনাবাদ গ্রাম। নদীর দুই পাশেই পাকা সড়ক। স্থানীয় লোকজন খেয়ানৌকা দিয়ে নদী পার হচ্ছেন।
গ্রামবাসীর কয়েকজন জানান, তাঁরা দুই যুগের বেশি সময় ধরে হাসনাবাদ ভিটিকান্দি এলাকায় গোমতী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। একটি সেতুর অভাবে দাউদকান্দি উত্তর ইউনিয়নসহ তিতাস ও মেঘনা উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে হাসনাবাদ, বাহেরচর, বটতলী, দড়িগাঁও, দুধগাটা, মহনপুর, বাজরা, উজিরাকান্দি, জগৎপুর, ভিটিকান্দি, সাতানী, কাকিআলী, কান্দারগাঁও, চারআনি, নন্দীরচর, মঙ্গলকান্দি, সাগরফেনা, বালুয়াকান্দি, বাটেরারচর, চরকুমারিয়াসহ কমপক্ষে ২৮টি গ্রাম রয়েছে।
হাসনাবাদ গ্রামের প্রকৌশলী এস এম হজরত হোসেন ও বাহেরচর ফজলুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিম জানান, গ্রামের লোকজনের যাতায়াতের জন্য ওই জায়গায় একটি সেতু খুবই জরুরি।
দড়িগাঁও গ্রামের কলেজছাত্র আলী নেওয়াজ বলেন, ওই সব গ্রামের কয়েক শ শিক্ষার্থী দাউদকান্দি আদর্শ উচ্চবিদ্যালয় এবং হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজ, ড. মোশাররফ হোসেন কলেজ ও জুরানপুর আদর্শ কলেজে পড়ে। এসব শিক্ষার্থীকে খেয়ানৌকায় নদী পারাপার হতে হয়। ঝড়, বৃষ্টি ও বর্ষায় তাদের খুবই অসুবিধা হয়। একই ধরনের কথা বলেন স্কুলশিক্ষক রবিউল আউয়াল, অষ্টম শ্রেণীর ছাত্র নন্দীরচর গ্রামের সাইদুল ইসলাম, দ্বাদশ শ্রেণীর ছাত্রী বাহেরচর গ্রামের রুনা আক্তার, মুক্তি আক্তারসহ কয়েকজন।
দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হানিফ জাবেদ বলেন, গোমতী নদীর ওই জায়গায় সেতু না থাকায় ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে এই এলাকা পিছিয়ে আছে। নদী পার হয়ে ছেলেমেয়েরা স্কুল-কলেজে যাতায়াতের সময় মা-বাবা উদ্বিগ্ন থাকেন। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে লোকজনকে বাড়ি পৌঁছাতে হয়। কারণ, সন্ধ্যার পর খেয়ানৌকা থাকে না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, ওই জায়গায় একটি সেতু করা হোক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দাউদকান্দি উপজেলা শাখার প্রকৌশলী রতন লাল সরকার বলেন, ওই নদীতে ২৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে তিন বছর আগে একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।