সেতুর অভাবে দুর্ভোগ
কিশোরগঞ্জের কটিয়াদী ও নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দারা সেতু না থাকায় খেয়াঘাট দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পাঁচটি বাজারের ক্রেতা-বিক্রেতা ও ২০টি গ্রামের লোকজন যাতায়াতের জন্য এই খেয়াঘাট ব্যবহার করছে।পূর্বে কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা গ্রাম ও পশ্চিমে মনোহরদী উপজেলার পাইকান গ্রামের মধ্যে আড়িয়াল খাঁ নদ। ওই নদের ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও তা পূরণ করতে এগিয়ে আসেননি জনপ্রতিনিধিরা। জামালপুর গ্রামের মোহাম্মদ আলী বলেন, ১৯৬০ সাল থেকে লোকজন এই নদ খেয়া দিয়ে পারাপার হচ্ছে, দেশে অপ্রয়োজনীয় কত সেতু হয়েছে অথচ গুরুত্বপূর্ণ সেতুটি শুধু প্রতিশ্রুতিই রয়ে গেল।লোহাজুরী ইউনিয়নের সাবেক সদস্য আ. রশিদ সরকার বলেন, ‘ব্রিটিশ আমল থেকে শুরু হয় এই খেয়াঘাটটি। কত মন্ত্রী-এমপি এল-গেল, কত প্রতিশ্রুতি দিল, কিন্তু আমাদের সেতু সমস্যার সমাধান হলো না।’সাদিয়া আফরিন স্মৃতি নামের এক কলেজছাত্রী বলেন, ‘বর্ষা মৌসুমে নদীর ওপর দিয়ে খেয়া পারাপার হতে ভয় লাগে। তবু জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কলেজে যেতে হয়।’ কটিয়াদী কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি তাজুল ইসলাম জানান, পাইকান পূর্বচর সেতু হলে কটিয়াদী এলাকার মানুষের সহজে ঢাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা গড়ে উঠত। মনোহরদী উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বলেন, ‘২০০০ সালে সাবেক জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী মেজর জেনারেল নূরউদ্দীন খান এই সেতুটি টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে বিএনপিদলীয় সাংসদ সর্দার সাখাওয়াত হোসেন বকুল ওই সেতুর কাজ বন্ধ করে দেন। আমি সরকারের কাছে নতুন করে সেতুটি অনুমোদন ও নির্মাণের জোর দাবি করছি।’কটিয়াদী উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর বলেন, পাইকান পূর্বচর সেতু খুবই প্রয়োজন। সেতু হলে কটিয়াদী এলাকার যোগাযোগব্যবস্থার পরিবর্তন ঘটবে।কটিয়াদী পাকুন্দিয়া আসনের সাংসদ প্রফেসর এম এ মান্নান বলেন, ‘পাইকান পূর্বচর সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সেতু নির্মাণে পদক্ষেপ নিতে বলেছি।’