সেতুর অভাবে দুর্ভোগে মানুষ
একটি সেতুর অভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চার গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে খাল পার হতে গিয়ে গত দুই বছরে এক শিশু নিহত ও অনেকে আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা, জৈনপুর, নাগেরগাঁও ও চেঙ্গাকান্দি গ্রামের মধ্য দিয়ে একটি খাল মেঘনা নদীতে মিশেছে। জৈনপুর গ্রামের পাশে চার কিলোমিটার দীর্ঘ এ খালের ওপর তিনটি বাঁশের সাঁকো আছে। গ্রামবাসী চাঁদা তুলে এসব সাঁকো নির্মাণ করেছেন। বাসিন্দারা খালটি পার হয়ে উপজেলা সদর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াত করে। তা ছাড়া শিক্ষার্থীরা এই খাল পার হয়ে স্থানীয় চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াত করে। সাঁকোতে ব্যবহৃত বাঁশ পুরোনো হয়ে গেছে। বর্ষায় খালটিতে স্রোত থাকলে সাঁকো পার হতে বেশি সমস্যা হয়।
সরেজমিনে দেখা যায়, সাঁকোগুলোর কয়েক জায়গার বাঁশ পচে গেছে। এতে সেগুলো নড়বড়ে হয়ে পড়েছে। মানুষ চলাচলের সময় সাঁকো নড়তে দেখা যায়।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদের অর্থ বরাদ্দ কম থাকায় আমরা এ খালের ওপর সেতু নির্মাণ করতে পারছি না। একটি সেতুর জন্য আমি প্রশাসনকে একাধিকবার চিঠি দিয়েছি।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকৌশলীরা এখানে সেতু নির্মাণ করার একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তাঁরা কথা রাখেননি বলে দাবি করেন তিনি।
বাঁশের সাঁকোর ওপর থেকে পড়ে গিয়ে গত বছর জৈনপুর গ্রামের কাউসার মিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। চেঙ্গাকান্দি গ্রামের স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আমির হামজা বলে, প্রতিদিন ভয়ে ভয়ে এই সেতু পার হতে হয় তাকে। একই গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, সেতুর জন্য তাঁরা অনেকবার জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম জানান, সেতু না থাকায় অনেক অভিভাবক শিশুদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পাঠাতে চান না। এ কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা প্রথম আলোকে বলেন, ‘সেতু নির্মাণের প্রস্তাব করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেছি। আশা করি গ্রামের মানুষকে আর বাঁশের সাঁকো ব্যবহার করতে হবে না।’