সেতুর অভাবে দুর্ভোগে লক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর, নাড়িয়াগোদাই ও হাটবাড়িয়া বাজার এলাকায় ইছামতী নদীর ওপর সেতু নির্মাণ না করায় অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।হলুদঘর বাজার থেকে গোপালপুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি করে আসছে অন্তত ২০ গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীর দাবির মুখে ক্ষমতায় থাকাকালে এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। তাঁদের মধ্যে মতিউর রহমান নিজামী ২০০৬ সালে হলুদঘর বাজারে সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু সেতু নির্মাণের কাজ আজও শুরু হয়নি।গোপালপুর গ্রামের মাছুদুর রহমান বলেন, ‘একের পর এক কয়েকজন এমপি-মিনিস্টার আমরা দেখল্যাম। তাঁদের প্রতিশ্রুতির যে দাম নেই, এ রকম ভিত্তিপ্রস্তর তারই সাক্ষী।’ নদীপারের নাড়িয়াগোদাই বাজার ও হাটবাড়িয়া বাজার এলাকায় আছে আরও দুটি ভিত্তিপ্রস্তর। ২০০৬ সালের অক্টোবর মাসে সেতু নির্মাণের জন্য এই দুটি ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন মতিউর রহমান নিজামী। তবে এ দুটি স্থানেও একাধিকবার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক আবু সাইয়িদ ও শামসুল হক। কিন্তু প্রথমটির মতো আজও সেখানে সেতু নির্মাণ হয়নি।সরেজমিনে দেখা গেছে, গ্রামগুলোকে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইছামতী নদী। হলুদঘর থেকে গোপালপুর, নাড়িয়াগোদাই থেকে পাইকশা ও হাটবাড়িয়া থেকে ভুলবাড়িয়া ঘাট পর্যন্ত এলাকাবাসীর উদ্যোগে তৈরি করা বাঁশের তিনটি সাঁকোই তাদের যাতায়াতের একমাত্র অবলম্বন। সাঁকোর পাশেই রয়েছে ভিত্তিপ্রস্তরগুলো। এসব ভিত্তিপ্রস্তর থেকে ক্ষুব্ধ এলাকাবাসী ফলক খুলে ফেলায় শুধু ইটের স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে। বাঁশের সাঁকো পার হয়ে নাড়িয়াগোদাই বাজারে আসছিলেন গোপালপুর গ্রামের আজমত আলী। ফলকবিহীন ভিত্তিপ্রস্তরের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এলাকার মন্ত্রী-এমপিরা যতবার বিরিজ বানাইন্যার প্রতিশ্রুতি দিছে, ততবার আমরা খুশি হইছি। এর মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তো ২০টা গিরামে আনন্দের বন্যা বয়া গেছিল। কিন্তু এহন আমরা বুঝত্যাছি প্রতিশ্রুতি আর ভিত্তিপ্রস্তর সবই লোক দেখানো।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাঁথিয়া উপজেলা প্রকৌশলী তাজমিল খান বলেন, ‘ওই তিনটি স্থানসহ উপজেলার মোট সাতটি স্থানে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। মন্ত্রী মহোদয় (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) সেতুগুলো নির্মাণের জন্য ডিও লেটার দিয়েছেন। ইতিমধ্যেই সাতানিরঘাটে কাগেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। হলুদঘর বাজারে ইছামতী নদীর ওপর সেতু নির্মাণের জন্য তিনবার দরপত্র আহ্বান করার পরও কোনো ঠিকাদার আগ্রহী না হওয়ায় আপাতত সেখানে সেতু নির্মাণ করা যাচ্ছে না।’