সাতক্ষীরার তালা উজেলার শালিখা নদীর ওপর শালিখা মোড়ে একটি সেতুর অভাবে তিন উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০ হাজারের বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে ওই স্থানে বাঁশের একটি সাঁকো নির্মাণ করা হলেও সেটি দিয়ে পারাপার এখন খুবই ঝুঁকিপূর্ণ।
তালা খেসরা গ্রামের কেএসডি বালিকা বিদ্যালয়ের ছাত্রী নূরুন্নাহার জানায়, নড়বড়ে সাঁকোটি যেকোনো সময় ভেঙে যেতে পারে। এ সাঁকো পার হয়েই তাদের প্রতিদিন বিদ্যালয়ে আসতে হয়। জোয়ারের সময় সাঁকো ডুবে যায়। এ সময় সাঁকো পার হতে গেলে জামাকাপড় ভিজে যায়। প্রায়ই মানুষ সাঁকো থেকে পড়ে আহত হয়।
খেসরা গ্রামের আবদুল খালেক সরদার ও কাটিপাড়া গ্রামের আবদুল হান্নান জানান, তাঁরা ব্যবসা করেন। প্রতিদিন মালামাল এ হাট থেকে আরেক হাটে নিতে হয়। মালামাল পার হওয়ার সময় তাঁদের ভোগান্তি পোহাতে হয়।
খেশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, স্থানীয় মানুষ ও ইউনিয়ন পরিষদ মিলে মাস তিনেক আগে বাঁশ ও কাঠ দিয়ে প্রায় ৫০ ফুট সাঁকোটি নির্মাণ করে। কিন্তু সাঁকোর ওপর মাত্রাতিরিক্ত চাপ পড়ায় সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যেকোনো সময় এটি ভেঙে গেলে তালার সঙ্গে পাইকগাছা ও আশাশুনি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তা ছাড়া জোয়ারের সময় মানুষের ভোগান্তির সীমা থাকে না। এ সাঁকোর ওপর দিয়ে পাইকগাছার কপিলমুনি, আশাশুনির বুদহাতা, দরগাপুর ও কুল্যা এবং তালার খেশরা ইউনিয়নের ৫০ হাজারের বেশি মানুষ যাতায়াত করে। সেতুর দুই পারে একটি কলেজ, পাঁচটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটটি হাট ও বাজার রয়েছে।
তালা উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া জানান, শালিখা মোড় এলাকায় সেতু নির্মাণ করতে প্রায় ৭০-৮০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে এত বড় বরাদ্দের ব্যবস্থা করা কঠিন। ওই এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে একটি কাঠের সেতু করে দেওয়ার জন্য উপজেলা পরিষদকে অনুরোধ করা হয়েছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, কাঠের সেতু তৈরির জন্য দুই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত দরপত্র আহ্বান করা হবে।