সেতুর অভাবে ধুঁকছে ৩২ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কদমতলী এলাকায় গোমতী নদীর ওপর সেতু না থাকায় ৩২ গ্রামের মানুষকে এভাবেই পারাপার হতে হয়। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কদমতলী এলাকায় গোমতী নদীর ওপর সেতু না থাকায় ৩২ গ্রামের মানুষকে এভাবেই পারাপার হতে হয়। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দি উপজেলার কদমতলী ও হাসনাবাদ গ্রামের মাঝামাঝি গোমতী নদীর ওপর সেতু না থাকায় ভুগছে ৩২ গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগে রয়েছে। সেতু না থাকায় খেয়ানৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে।

সম্প্রতি এক দুপুরে সরেজমিনে দেখা গেছে, নদীর এপারে কমতলী গ্রাম, ওপারে হাসনাবাদ। নদীর দুপাশেই পাকা রাস্তা। স্থানীয় লোকজন খেয়ানৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে।

আশপাশের কয়েকটি গ্রামের ১০ জন বাসিন্দা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে হাসনাবাদ এলাকায় গোমতী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। সেতুটির অভাবে দাউদকান্দি উত্তর ইউনিয়নসহ তিতাস ও মেঘনা উপজেলার মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এর মধ্যে হাসনাবাদ, বটতলী, ভিটিকান্দি, কান্দারগাঁও, কৃষ্ণপুর, পুরাতন বাতাকান্দিসহ আশপাশের ৩২টি গ্রাম রয়েছে।

হাসনাবাদ গ্রামের চাকরিজীবী হেলাল উদ্দিন শিকদার ও দাউদকান্দি পৌরসভার তুজারভাঙা গ্রামের প্রবাসী খাজা বলেন, আশপাশের প্রায় ৩২ গ্রামের মানুষের যাতায়াতের জন্য ওই জায়গায় সেতু নির্মাণ করাটা খুবই জরুরি।

হাসনাবাদ গ্রামের কলেজছাত্র শিরিন আক্তার ও স্বাস্থ্যকর্মী আলো আক্তার বলেন, নদীর ওপারের শত শত শিক্ষার্থী দাউদকান্দির হাসানপুর সরকারি কলেজ, জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ, ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ, ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ, আকবর আলি খান কারিগরি ও বাণিজ্য কলেজ, গৌরীপুর সরকারি কলেজ ও বারপাড়া রাবেয়া কলেজে পড়ে। এসব শিক্ষার্থীকে খেয়ানৌকায় নদী পারাপার হতে হয়। ঝড়, বৃষ্টি হলেই যথাসময়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে।

সাতানী গ্রামের বৃদ্ধ নূরুল ইসলাম বলেন, যারা পারাপার হয় তাদের মধে৵ কেউ সাঁতার জানে, আবার কেউ জানে না। স্রোত বা ট্রলারের ধাক্কায় খেয়ানৌকা ডুবে যাওয়ার ভয় থাকেই। এর মধ্য দিয়েই নারী, শিশু, যুবক ও বৃদ্ধদের নদী পারাপার হতে হয়।

ভিটিকান্দি গ্রামের কলেজছাত্র মো. মাসুম বলেন, সেতু না থাকায় এই অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। যাত্রীদের কাছ থেকে খেয়ানৌকার ভাড়া বেশি নেওয়া হয়, যথাসময়ে ঘাটে খেয়ানৌকা পাওয়া যায় না, অতিরিক্ত যাত্রী নিয়ে অনেকক্ষণ পরপর খেয়ানৌকা ছাড়ে, পারে যাত্রীছাউনির অভাবে রোদ-ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়।

দাউদকান্দি উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন বলেন, গোমতী নদীর ওই জায়গায় সেতু না থাকায় ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে এই এলাকা পিছিয়ে আছে। নদী পার হয়ে ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যাতায়াতের সময় মা-বাবা ভয়ে থাকেন। আবার সন্ধ্যার আগেই লোকজন বাড়ি পৌঁছার চেষ্টা করে। কারণ, রাতে খেয়া পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ওই জায়গায় একটি সেতু এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, নদীতে ৩৮৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।