সেতুর অভাবে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চররৌহা গ্রামের ঝারকাটা নদীর ওপর সেতু না থাকায় ১৫ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় লোকজন এখানে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। ঝুঁকি নিয়ে এ সাঁকোর ওপর দিয়েই চলাচল করছে স্থানীয় লোকজন। বর্ষাকালে সাঁকোটি ব্যবহার করা যায় না।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার চররৌহা, ছাতারিয়া, চরসরিষাবাড়ী, নান্দিনা, বাঘমারা, আদ্রা, চুনিয়াপটল, জামিরা, দীঘলকান্দি, কোনারপাড়া, মাজারিয়া, সেংগুরিয়া, আতামারি ও সিধুলি গ্রামের মানুষ ওই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করেন। এসব গ্রামের বাসিন্দারা নদীর ওই স্থানে একটি সেতুর দাবি করছেন দীর্ঘদিন ধরে। চররৌহা গ্রামের লোকজন প্রতিবছর বাঁশ সংগ্রহ করে যাতায়াতের জন্য ওই সাঁকো তৈরি করেন। কিছুদিন পরপর মেরামত না করলে সাঁকোটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। প্রায়ই সাঁকো থেকে শিক্ষার্থী পড়ে যায়। অনেকে সাঁকো থেকে পড়ে গিয়ে গুরুতর আহতও হয়েছেন। প্রতিবছর বর্ষাকালে নদীর পানি বাড়লে সাঁকোটি ভেসে যায়। এ সময় নৌকা দিয়ে ১৫ গ্রামের মানুষকে পারাপার হতে হয়।