সেতুর অভাবে ভোগান্তিতে দুই উপজেলার বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ ও মাগুরার শালিখা উপজেলার সীমান্তবর্তী নাটোপাড়ার ঘাটে কোনো সেতু নেই। এই ঘাটে বাঁশের সাঁকো বানিয়ে স্থানীয় লোকজন পারাপার হন। কিন্তু বেশির ভাগ সময় পানিতে ডুবে থাকে সাঁকোটি। ফলে কালীগঞ্জ ও শালিখা উপজেলার ২২ গ্রামের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
ওই দুই উপজেলার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ফটকি নদীর ওপর ওই ঘাটটি দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা সেভাবে গুরুত্ব দেন না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষও সেভাবে গুরুত্ব দেয় না। তাঁদের ধারণা, জনপ্রতিনিধিদের ঠেলাঠেলি আর প্রশাসনের গাফিলতির জন্য ওই ঘাটে সেতু নির্মাণ হচ্ছে না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নাটোপাড়া কালীগঞ্জের পূর্বাঞ্চলের শেষ গ্রাম। এই গ্রামের অপর প্রান্তে রয়েছে শালিখার মশাখালী। নাটোপাড়ার ঘাটের দুই প্রান্তে রয়েছে পিচঢালা পথ। ঘাটের আশপাশের কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এই পিচঢালা পথই ঝিনাইদহ থেকে শালিখায় যোগাযোগের একমাত্র অবলম্বন। কিন্তু ঘাটে সেতু না থাকায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বর্ষা মৌসুমের প্রায় পাঁচ থেকে ছয় মাস নদীতে পানি বেশি থাকায় বাঁশের সাঁকো ডুবে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়। অন্য সময় এলাকার মানুষ সাঁকো দিয়ে চলাচল করে।
নাটোপাড়ার বাসিন্দা আবদুল কাদের বিশ্বাস বলেন, নদীর এক প্রান্তে ঝিনাইদহের নাটোপাড়া, চটকাবাড়িয়া, বামনাইল, মিয়াকুন্ডু, কুশোবাড়িয়া, মুনুড়িয়া, টিকারী এবং অন্য এক প্রান্তে মাগুরার কোটবাগ, দোবিলা, বগুড়া, বাইসা, পিপরুল, আমিয়ান, নরবাইসা, ধাওখালী, সিমাখলী গ্রামসহ অন্তত ২২ গ্রামের মানুষ এই ঘাট পারাপার হয়ে থাকে। ঘাটের দুই প্রান্তে সিংগা, দোবিলা, নাটোপাড়া ও কুশবাড়িয়া বাজার রয়েছে। এসব বাজারে দৈনন্দিন সব কাজ মেটায় ওই গ্রামগুলোর মানুষ। কিন্তু যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় বছরের বেশির ভাগ সময় এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে যেতে পারে না। সেতুটি তাদের পৃথক করে রেখেছে। নাটোপাড়ার আরেক বাসিন্দা শাহনেওয়াজ খান বলেন, তাঁদের বাজারে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ঘাটের অপর প্রান্তে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়। দুই প্রান্তের বাচ্চাদের পড়ালেখা করতে এই ঘাট পার হতে হয়। কিন্তু বর্ষার সময় যোগাযোগব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে যায়। যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় তাঁদের এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না। এই কারণে তাঁরা এই ঘাটে একটি সেতুর জন্য বছরের পর বছর জনপ্রতিনিধি ও সরকারি লোকজনের কাছে ধরনা দিচ্ছেন, কিন্তু কোনো ফল হচ্ছে না। সবাই প্রতিশ্রুতি দেন, কিন্তু সেতু হয় না। তাঁরা বিষয়টি দেখার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে এলজিইডির কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত ওই স্থানে সেতু নির্মাণের বিষয়ে কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি। তবে স্থানীয় জনসাধারণের প্রয়োজনের কথা চিন্তা করে সেতুর বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।