সেতুর অভাবে ভোগান্তি
মানিকগঞ্জ জেলা সদরের কৃষ্ণপুর ও সিঙ্গাইরের বায়রা ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী। এলাকাবাসীর জোরালো দাবি নদীর এ জায়গায় সেতু নির্মাণের। দীর্ঘদিনেও এ সেতু নির্মাণ করা হয়নি। মানুষকে প্রতিনিয়ত যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্যও।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা সদর থেকে সিঙ্গাইর উপজেলা সদরের যোগাযোগের সহজ পথ হলো নয়াডিঙ্গি-বারাহিরচর-বায়রা সড়ক। কিন্তু বারাহিরচর এলাকায় সেতু না থাকায় মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়ক হয়ে সিঙ্গাইর উপজেলা সদরে যাতায়াত করতে হয়। প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার বসে সিঙ্গাইরের বায়রা হাট। শুক্র ও সোমবার বসে বারাহিরচর হাট। এ দুটি জায়গায় প্রতিদিন বাজারও বসে। ধলেশ্বরী নদী এ দুটি জায়গাকে বিভক্ত করে রেখেছে। সেতু না থাকায় কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য হাট-বাজারে নিতে বিড়ম্বনার শিকার হন। বর্ষাকালে নৌকা ভাড়া নিয়ে এবং বছরের অন্যান্য সময় টাকা দিয়ে সাঁকোয় চলাচল করতে হয় এলাকাবাসীকে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এ ভোগান্তি আরও বেশি।
বারাহিরচর বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান ও বায়রা বাজারের ব্যবসায়ী সেন্টু মিয়া বলেন, বায়রা ও বারাহিরচর হাট কাছাকাছি হওয়ায় প্রতি হাটেই তাঁরা রিকশা-ভ্যানে করে মালামাল আনা-নেওয়া করেন। সেতু না থাকায় অতিরিক্ত পরিবহন ব্যয় করেও ভোগান্তি পোহাতে হয়। রিকশা-ভ্যানচালকেরাও এ পথে মালামাল পরিবহন করতে চান না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বায়রা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশা বা রিকশায় করে নদীর দক্ষিণ পাড়ে নামছেন। একইভাবে জেলা সদরসহ বিভিন্ন স্থান থেকে অনেকে নদীর উত্তর প্রান্তে যাচ্ছেন। এরপর অটোরিকশা বা রিকশায় চড়ে গন্তব্যের দিকে ছুটছেন। অনেকে মোটরসাইকেল নৌকায় তুলে নদী পার হচ্ছেন।
খেয়াঘাটে কথা হয় বারাহিরচর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রাজ্জাকের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে একটি সেতু নির্মাণের দাবি করে আসছে এলাকাবাসী। বিভিন্ন সরকারের সময় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার এ দাবি তোলা হয়। তবে তাঁরা শুধু আশ্বাস দেন, সেতু আর হয় না।
মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। সেতু না থাকায় ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপ্লব হোসেন বলেন, ‘আমারও দাবি সেতু নির্মাণের। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের জন্য এখানে সেতুর বিকল্প নেই। বিষয়টি স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেককে অবহিত করা হয়েছে। বরাদ্দ না থাকায় সেতু নির্মাণ করা যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। তবে তিনি (সাংসদ) সেতু নির্মাণে উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেছেন।’
এ বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী জাহিদ মালেকের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।