সেতুর অভাবে ভোগান্তি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের নাখারজান গ্রামে নীলকুমোর নদের ওপর একটি সেতুর অভাবে প্রায় পাঁচ হাজার গ্রামবাসীকে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে তাদের এ নদ পার হতে হচ্ছে।এ ব্যাপারে গ্রামবাসী জানান, ফুলবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী নাখারজান গ্রামটি ভারতের চৌধুরীহাটসংলগ্ন। লোকসংখ্যা প্রায় পাঁচ হাজার। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নীলকুমোর নদ। এটি উপজেলা সদর থেকে গ্রামটিকে বিভক্ত করেছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে নদের ওপর একটি সেতু নির্মাণের দাবি করে আসছে। পরে বাধ্য হয়ে তাঁরা চাঁদা তুলে এর ওপর বাঁশের সাঁকো তৈরি করেছেন।নাখারজান গ্রামে কোনো হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাই এলাকাবাসী প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়ে ওই সাঁকো পার হয়ে পণ্য বিক্রি করতে হাটবাজারে যান। শিক্ষার্থীরাও এর ওপর দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে।গৃহবধূ জ্যোৎস্না বেগম বলেন, ‘গ্রামে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া দুষ্কর। বাঁশের বাচাংয়ে ঝুলিয়ে ঘাড়ে করে ফুলবাড়ী হাসপাতালে নিতে হয়।’ গঙ্গারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা বেগম ও উত্তর কুটিচন্দ্রখানা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান, ওই সাঁকো পার হতে গিয়ে অনেক ছেলেমেয়ে পড়ে আহত হয়েছে।উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় বিএসএফ সেতুটি নির্মাণে বাধা দিতে পারে, তাই দেরি হচ্ছে। তবে ভারতের প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা করা হবে।