সেতুর অভাবে ভোগান্তি ১০ হাজার মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরের টেপ্রীগঞ্জ ইউনিয়নের বুড়িতিস্তা নদীর ওপর সেতু না থাকায় ১৩টি গ্রামের ১০ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। তাদের ১০ কিলোমিটার পথ ঘুরে বিভিন্ন যানবাহনে করে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং কৃষকদের সমস্যা বেশি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, টেপ্রীগঞ্জ ইউনিয়নের তিস্তাপাড়া ও চিলাহাটিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বুড়িতিস্তা। পূর্ব পাশে বুড়িতিস্তা গ্রাম ও উপজেলা সদর। পশ্চিম পাশে চিলাহাটিপাড়া, মণ্ডলপাড়া, মাঝিপাড়া, নগরপাড়া, হাজারীপাড়া, প্রধানপাড়া, বসুনিয়াপাড়া, চৌধুরীপাড়া, সরকারপাড়া, ডাবরী কোনাপাড়া, কামাতপাড়া, রামগঞ্জবিলাসী ও ডাঙ্গাপাড়া গ্রাম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুড়িতিস্তা নদীর ওপর সেতু না থাকায় পশ্চিম পারের ১৩ গ্রামের ১০ হাজার মানুষ ভোগান্তি পোহায়। বিশেষ করে এসব গ্রামের সহস্রাধিক শিক্ষার্থীকে উপজেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে এবং কৃষকদের কৃষিপণ্য বাজারে নিতে সমস্যা হচ্ছে। সমস্যার কথা চিন্তা করে স্থানীয় লোকজন গত বছর এখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। এতে ভোগান্তি কিছুটা হলেও দূর হয়েছে। তবে এলাকার লোকজন এখনো গাজোকাটি হয়ে তিস্তারহাট দিয়ে ১০ কিলোমিটার ঘুরে বিভিন্ন যানবাহনে উপজেলা সদরে যাচ্ছে। কারণ সাঁকোর ওপর দিয়ে বাইসাইকেল ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারে না।
চিলাহাটিপাড়া গ্রামের মোশারফ হোসেন জানান, বাইসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন এ সাঁকো দিয়ে পারাপার করা যায় না। এ কারণে কৃষিপণ্য বাজারে নিতে সাইকেলই শেষ ভরসা। এতে সময় অপচয় হয়। এখানে সেতু হলে তাঁরা সহজেই উপজেলা সদরে যেতে পারবেন।
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আফছানা ইমরোজ জানান, সেসহ আশপাশের প্রায় এক হাজার শিক্ষার্থী দেবীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। এই সাঁকোর ওপর দিয়ে তাঁদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
চিলাহাটিপাড়া গ্রামের ভ্যানচালক সপিজুল ইসলাম বলেন, আগে মাথায় বস্তা নিয়ে নদী পার হতে হয়। এরপর ভ্যানে সেই বস্তা তুলতে হয়। এতে সময় ও অর্থ বেশি লাগে। টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার জানান, বুড়িতস্তা নদীতে সেতুর প্রয়োজন।
এলজিইডির পঞ্চগড় কার্যালয়ের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বুড়িতিস্তা নদীর ওপর সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব দুই বছর আগে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু আজও প্রস্তাবটি অনুমোদন করা হয়নি।