সেতুর অভাবে মাইনী নদী পারাপারে দুর্ভোগ
খাগড়াছড়ির দীঘিনালার উদাল বাগান উচ্চবিদ্যালয়ের তিন শতাধিক আদিবাসী শিক্ষার্থী মাইনী নদী পারাপার নিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এই মৌসুমে নদীতে পানি থাকে বেশি। তার সঙ্গে যোগ হয় তীব্র স্রোত। নৌকাই পারাপারের একমাত্র বাহন হওয়ায় এ সময়টাতে অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে যায় না।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুকি প্রভাত চাকমা বলে, ‘বর্ষায় প্রায়ই আমরা বিদ্যালয়ে যেতে পারি না। নদীতে স্রোত বেশি থাকায় নৌকায় পার হতে ভয় লাগে।’ একই কথা বলল কোহেল চাকমা, চিক্কু চাকমা, সুকাশ চাকমাসহ অনেক শিক্ষার্থী। তাদের ভাষ্য, কাটারুংছড়া এলাকার মাইনী নদীর ওপর একটি সেতু হলে তাদের বিদ্যালয়ে যাতায়াত করতে অনেক সুবিধা হতো।
এলাকাবাসীর অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, কাটারুংছড়া এলাকার বিভিন্ন গ্রামে প্রায় ১০ হাজার মানুষ বাস করে। স্থানীয় বাসিন্দা সাধনা চাকমা বলেন, কাটারুংছড়ায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হলে উদাল বাগান উচ্চবিদ্যালয়ে ছেলেমেয়েদের ভর্তি হতে হয়। কিন্তু বিদ্যালয়টি নদীর অপর পারে।
৪ নম্বর যৌথ খামার এলাকার ধনিরাম ত্রিপুরা বলেন, ‘আমাদের একমাত্র দুর্ভোগ মাইনী নদী পারাপার। বর্ষায় আমরা বন্দী অবস্থায় থাকি।’ তিনি আরও বলেন, নদীতে তীব্র স্রোত থাকার কারণে নৌকায় পার হওয়া যায় না। তখন ছেলেমেয়েদের উচ্চবিদ্যালয়ে পাঠান না।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইনী নদীতে শিক্ষার্থীদের পারাপার করার জন্য একটি নৌকাই রয়েছে। ১৫ জনকে নিয়ে সেই নৌকাটি পার করছিল উদাল বাগান উচ্চবিদ্যালয়েরই ষষ্ঠ শ্রেণির ছাত্র টুইঙ্কেল চাকমা। তার কাছ থেকে জানা গেল, তার বাবা বিনয় ভূষণ চাকমা এই কাজ করেন। কিন্তু জরুরি কাজে বাইরে যাওয়ায় তাঁর দায়িত্ব পালন করছে টুইঙ্কেল। নদী পারাপারের বিনিময়ে প্রতিবছর শিক্ষার্থীপ্রতি ৩০ কেজি ধান নেয় তারা।
তেভাংছড়া এলাকার সুমনা চাকমা বলেন, যাতায়াতের দুর্ভোগ শুধু ছোটদেরই পোহাতে হয় না। তিনি বলেন, ‘আমাদের এখানে ধান, শাকসবজি ও বিভিন্ন ফলের বাগান রয়েছে। নদী পার হয়ে যেতে পারি না দেখে সেগুলোর আমরা ন্যায্যমূল্য পাই না। সেতু হলে আমাদের ১০ হাজার মানুষের দুর্ভোগ দূর হতো।’
দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শাক্যমুনি চাকমা বলেন, ‘মাইনী নদীর পশ্চিম পারের মানুষের দুর্ভোগের শেষ নেই।’ তিনি বলেন, ২০০০ সালে মাইনী নদীর উদাল বাগান অংশে একটি সেতু নির্মাণের জন্য অনেক চেষ্টা করেন। নদীর পাড়ের মাটিও পরীক্ষা করা হয়েছিল। কিন্তু পরে আর সেতু হয়নি।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নবকোমল চাকমা প্রথম আলোকে বলেন, ওই এলাকায় একটি সেতু অবশ্যই দরকার। বিষয়টি তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন।