সেতুর অভাবে লক্ষাধিক মানুষের দুর্ভোগ
চাওয়াই নদীর ওপর একটি সেতুর অভাবে ৫০ বছর ধরে বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাচ্ছে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ১২টি গ্রামের লক্ষাধিক মানুষ। বাঁশের সাঁকো তৈরি করে কোনোমতে নদীটি পারাপার হলেও প্রায়ই ঘটে দুর্ঘটনা।
গত ২৪ আগস্ট সাঁকো দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পার হওয়ার সময় সেটি ভেঙে যায়। এ সময় সাতজন শিক্ষার্থী নদীতে পড়ে যায়। এ ঘটনার পর অমরখানা স্কুলের শিক্ষার্থী ও গ্রামের মানুষ মিলে বাড়ি বাড়ি বাঁশ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে দুই হাজার ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করেছে। খইপাড়া গ্রামের রমিজুল ইসলাম (৬৩) ও ঝিটকিখুরা গ্রামের মন্তাজ মিঞা জানান, ১০ গ্রামের মানুষ আর ছাত্ররা মিলে এই সাঁকোটি নির্মাণ করা হয়েছে।
ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া অমরখানা স্কুলের দশম শ্রেণির ছাত্র নীরব ইসলাম বলে, ‘সেদিনের কথা মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে।’
এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্র জানায়, চাওয়াই নদীর কারণে ইউনিয়নের লইপাড়া, ডাঙাপাড়া, গাছবাড়ি, ডুবানছি, খইপাড়া, বরকতিয়া, চেকরমারি, গোয়ালঝাড়, পেলকুজোত, ঝিটকিখুড়া, নুচরাপাড়াসহ ১২টি গ্রামের লক্ষাধিক মানুষকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে যেতে প্রায় ১০ কিলোমিটার ঘুরতে হয়। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সংযোগে এই নদীর ওপর সেতু থাকলেও তা এই গ্রামগুলো থেকে উভয় পাশে ১০ কিলোমিটার দূরে। তাই মহাসড়ক ধরে জেলা শহরে আসতে হলে তাদের ২৫ কিলোমিটারের স্থলে ৩৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়।
এদিকে মহাসড়কের কাছে বোর্ড অফিস বাজারে একমাত্র স্কুল অমরখানা উচ্চবিদ্যালয়ে আসতে গ্রামের ছাত্রছাত্রীদের ১২ কিলোমিটার রাস্তা পার হতে হয়। সেতু হলে প্রায় ১০ কিলোমিটার রাস্তা কমে যেত।
অমরখানা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘শুধু সেতুর অভাবে ছাত্রছাত্রীদের দীর্ঘপথ ঘুরে আসতে হচ্ছে। এসব গ্রামের আরও অনেক ছাত্রছাত্রীর আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করার কথা থাকলেও সেতুর অভাবে তা হচ্ছে না।’
সাতমেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করেছি, কিন্তু কাজ হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অমরখানায় চাওয়াই নদীতে সেতু নির্মাণ খুবই প্রয়োজন। বছর দুয়েক আগে জরিপ করে প্রধান প্রকৌশলীর দপ্তরে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান বলেন, ‘এখানে সেতু নির্মাণের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলীকে বরাদ্দপত্র (ডিও লেটার) দিয়েছি। আশা করি, শিগগিরই এখানে সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।’