সেতুর অভাবে সরাইলে ১৫ গ্রামের মানুষের দুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাঝ দিয়ে রয়ে গেছে জাফরখাঁ নদ। এটি উপজেলার পূর্বে শাহবাজপুরে তিতাস নদ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমে পানিশ্বরে মেঘনা নদীতে মিলিত হয়েছে। পানিশ্বরে ওই নদের ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে পানিশ্বর ও চুন্টা ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ।
পানিশ্বর ইউনিয়নের নাইলা গ্রামে জাফরখাঁ নদের ওপর একটি সেতুর দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। নদের উত্তর পারে রয়েছে পানিশ্বর উচ্চবিদ্যালয়, পানিশ্বর মাদানিয়া দাখিল মাদ্রাসা, শাখাইতি আকবরপাড়া, তারাখলা, নাইলা, শোলাবাড়ি ও সীতাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণে রয়েছে পানিশ্বর সামসুল আলম উচ্চবিদ্যালয়, বেড়তলা উচ্চবিদ্যালয় ও বেড়বলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদের উত্তরে নাইলা থেকে চুন্টা পর্যন্ত আট কিলোমিটার কাঁচা এবং দক্ষিণে শোলাবাড়ি থেকে বেড়তলা পর্যন্ত চার কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সেতু না থাকায় দুই পারের মানুষের সরাসরি সড়ক যোগাযোগ নেই।
সরেজমিনে জানা যায়, ২০-২৫ বছর ধরে স্থানীয় লোকজন পানিশ্বর ইউনিয়নের নাইলা ও শোলাবাড়ি গ্রামের মাঝখানে ওই নদের ওপর বাঁশের সাঁকো নির্মাণের দাবি জানিয়ে আসছে। প্রতিবছর সাত-আট মাসের জন্য কয়েক লাখ টাকা ব্যয়ে সাঁকো তৈরি করতে হয়। ওই সাঁকো দিয়েই মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে মাঝেমধ্যে সাঁকো থেকে পড়ে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে। বর্ষার সময় পানির তোড়ে সেতু ভেঙে যায়। তখন চার-পাঁচ মাস সেতু থাকে না। দিনে নৌকা থাকলেও রাতের আঁধারে সাঁতার কেটে নদী পার হতে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে তাঁরা সেতু নির্মাণের দাবি করে আসছেন। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে নেতারা প্রতিশ্রুতিও দেন। নির্বাচনের পর তাঁরা সে প্রতিশ্রুতি ভুলে যান।
নাইলা গ্রামের বৃদ্ধ আবদুল খালেক (৮৫) প্রথম আলোকে বলেন, ‘১০ মাস আগে আমার স্ত্রী জামেলা খাতুন (৭৫) এ সেতু পার অইতে গিয়া পইরা গেছিল। ১ মাস অনেক কষ্টের পর মরা গেছে।’ শাখাইতি গ্রামের জহিরুল হকের স্ত্রী লুৎফা বেগম সেতু পার হতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। ইউপি সদস্য আবদুল হালিম প্রথম আলোকে বলেন, তিনি নিজেও দুই বছর আগে সেতু থেকে পড়ে পা ভেঙেছেন।
পানিশ্বর ইউপির চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, বাঁশের সাঁকোর জায়গায় একটি সেতু নির্মাণ করা জরুরি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পানিশ্বর ইউনিয়নের বাসিন্দা আবদুর রহমান বলেন, এখানে অন্তত ৫০ মিটার সেতু নির্মাণ করতে হবে, যা উপজেলা পরিষদের পক্ষে সম্ভব নয়। তাই বিশেষ বরাদ্দের প্রয়োজন।
স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা প্রথম আলোকে বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীসহ কর্তৃপক্ষকে একাধিকবার ডিও লেটার দিয়েছি। এখানে শিগগির একটি সেতু নির্মাণ করা হবে।’
উপজেলা প্রকৌশলী এনামুল হক বলেন, ওই স্থানে সেতুর জন্য জরিপ করা হয়েছে। সেতুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।