সেতুর অভাবে সাঁকো দিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজামী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের চাড়ালকাটা নদীর ওপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসী নিজ উদ্যোগে এ সাঁকো নির্মাণ করেছেন।সরেজমিনে দেখা যায়, গ্রামটিকে চাড়ালকাটা নদী দুই ভাগে ভাগ করেছে। সেখানে চাড়ালকাটা নদীর ওপর নড়বড়ে খুঁটির ওপর সাঁকোটি একটু কাত হয়ে আছে। বাঁশ দিয়ে সেটি আটকে রাখা হয়েছে, যাতে সেটি পড়ে না যায়। গ্রামের কৃষক সুনিল চন্দ্র সিংহ বলেন, এ পথে নীলফামারী জেলা সদরের দূরত্ব ১২ কিলোমিটার, আর কিশোরগঞ্জ উপজেলা সদরের দূরত্ব মাত্র চার কিলোমিটার। সে কারণে এ গ্রামের মানুষজনের কিশোরগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগ বেশি। এ গ্রামের ছেলেমেয়েরা কিশোরগঞ্জ শহরের স্কুল-কলেজে লেখাপড়া করে। নদীটির কারণে এত দিন তারা সাঁতরে নদী পার হয়ে যাতায়াত করত। অনেক সময় বইখাতা ভিজে যেত। আর বর্ষার সময় স্কুল-কলেজে যাতায়াত বন্ধ থাকত।গ্রামের আতোয়ার রহমান (৪৫) বলেন, ‘অনেক জায়গায় ধরনা দিছি, ব্রিজ হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী চাঁদা তুলে তিন বছর আগে একটি বাঁশের সাঁকো করে। কিন্তু বর্ষার সময় সাঁকো ভেঙে যায়। এখন প্রতিবছর গ্রামবাসী নিজেদের মধ্যে চাঁদা তুলে সাঁকোটি মেরামত করে। গত বছর আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে খুঁটিগুলো রড-সিমেন্ট দিয়ে তৈরি করেছি। তার পরও সাঁকোটি গত বন্যায় হেলে গেছে। সেটি বাঁশ দিয়ে কোনোরকমে আটকে রাখা হয়েছে।’এলাকার বিনয় কুমার রায় (৩৫) বলেন, ‘এই গ্রামটা চড়াইখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডটাকে চাড়ালকাটা নদী দুই ভাগ করেছে। এখন এখানে একটা সেতু হলে খুব ভালো হতো। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর সাহেব এসে দেখে গেছেন। তিনি এখানে সেতুটি করার প্রতিশ্রুতিও দিয়েছেন। আমরা এখন অপেক্ষা করছি, কবে আমাদের সেতুটি হবে। সেতুটি হলে নীলফামারী থেকে কিশোরগঞ্জ উপজেলার দূরত্ব যেমন কমবে, তেমনি এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।’ চাপড়া সরমজামী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির জন্য সেতুটি হওয়া খুব জরুরি। গত বছরের ২৩ ফেব্রুয়ারি তিনি স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের সঙ্গে সেতুর ব্যাপারে কথা বলেছেন। তিনি তাঁর চেষ্টা অব্যাহত রেখেছেন।এ ব্যাপারে নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, সেখানে সেতুটি হওয়া খুব জরুরি। আর সেতুটি ১২০ মিটারের বেশি দীর্ঘ করতে হবে। সে কারণে বুয়েটের বিশেষজ্ঞরা পাঁচ-ছয় মাস আগে জরিপ করে গেছেন। জরিপ প্রতিবেদন দিলে বৃহৎ সেতু প্রকল্পের আওতায় প্রকল্প গ্রহণ করা হবে। সেতুটি করতে প্রায় ছয় কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানান তিনি।