সেতুর অভাবে ১৮ গ্রামের মানুষ দুর্ভোগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদের চেরকুঘাটে একটি সেতুর অভাবে ছয়টি ইউনিয়নের ১৮ গ্রামের মানুষ উপজেলা ও জেলা সদরে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। এসব গ্রামে প্রায় ২০-২৫ হাজার মানুষ এ সমস্যায় আছেন।
সেতুর অভাবে নদীর দুই পাশের গ্রামের মানুষকে ৮-৯ কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরতে হয়। অথবা এসব মানুষকে চেরকুঘাটে এসে নৌকায় করে টাঙ্গন নদ পার হয়ে পীরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে যাতায়াত করতে হয়।
কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম ও আকাশিল গ্রামের স্কুলশিক্ষক বাদশারুল ইসলাম বলেন, নদীর এক পারে পীরগঞ্জের কোষারাণীগঞ্জ, খনগাঁও ও ভোমরাদহ ইউনিয়নের আটটি গ্রাম। আর অন্য পারে কোষারাণীগঞ্জ, সৈয়দপুর ও ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মানুষকে টাঙ্গন নদ পার হয়ে শহরে যাতায়াত করতে হয়। তাঁরা বলেন, এসব গ্রামের কয়েক শ শিক্ষার্থীকে প্রতিদিন চেরকুঘাটে এসে নৌকায় পারাপার হতে হয়। গ্রামগুলোর ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা তাঁদের কৃষিপণ্য হাটে নিতে বাড়তি খরচের সম্মুখীন হচ্ছেন। চেরকুঘাটের একটিমাত্র নৌকাই এসব মানুষের ভরসা। বর্ষাকালে নদের পানি বেশি থাকায় ওই নৌকায় আর তাঁরা পারাপার হতে পারেন না। তখন তাঁদের আট থেকে নয় কিলোমিটার রাস্তা ঘুরে ঘিডোব অথবা কুঠিআম টাঙ্গন সেতু দিয়ে যাতায়াত করতে হয়।
নাকাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন বলেন, ‘ওপারের সাত-আটটি গ্রামের দেড় শতাধিক শিক্ষার্থী এপারে (পীরগঞ্জের দিকে) আমার স্কুল ছাড়াও লোহাগাড়া কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। এসব শিক্ষার্থীর বেশির ভাগই চেরকুঘাট দিয়ে পার হয়।’
কোষারাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান গৌতুম চন্দ্র রায় বলেন, ‘২০১২ সালে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জরিপ দলের মাটি পরীক্ষা ও জরিপের যাবতীয় খরচ ইউনিয়ন পরিষদ থেকে বহন করা হয়েছে। এলজিইডির লোকেরা চেরকুঘাট এলাকায় জরিপ করে গেছেন। তিন বছর হয়ে গেল সেতুর কোনো খবর নেই।’
পীরগঞ্জ এলজিইডির উপজেলা প্রকৌশলী তাজমিল খান বলেন, চেরকুঘাটে ১০০ মিটার সেতু নির্মাণের জন্য ২০১২ সালের মাঝামাঝিতে একটি প্রস্তাবনা এলজিইডির প্রধান কার্যালয়ে গেছে।