সেতুর অভাবে ৫০ কিমি ঘুরে চলাচল, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীর ওপর সেতু নেই। এতে ওই ইউনিয়নের ২০ হাজার মানুষকে ৫০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, এই ঘাটের পশ্চিম পারে উপজেলা সদর আর পূর্বপারে বড়শশী ইউনিয়ন। মাড়েয়া-বড়শশী সড়কে আউলিয়াঘাট। এখানে সেতু না থাকায় উপজেলা সদরের সঙ্গে বড়শশী ইউনিয়নের সরাসরি যোগাযোগ নেই। উপজেলা সদর থেকে বড়শশী ইউনিয়নের দূরত্ব ১০ থেকে ১২ কিলোমিটার মাত্র। ওই ঘাটে সেতু নির্মাণ করা হলে বড়শশী ইউনিয়নের বাসিন্দাদের আর ৫০ কিলোমিটার ঘুরে জেলা সদর হয়ে উপজেলা সদরে যেতে হবে না। এ ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি পূরণ হয়নি।
এলাকাবাসী আরো জানান, সেতু না থাকায় নদী পারাপারে লোকজনকে একমাত্র ডিঙি নৌকার ওপর নির্ভর করতে হয়। বর্ষায় নদী পারাপারের ক্ষেত্রে তাদের দুর্ভোগের সীমা থাকে না। এখানকার কৃষকদের উৎপাদিত পণ্য ও ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা-নেওয়ার জন্য সময় ও অর্থ দুটোই বেশি লাগে।
সরেজমিনে দেখা গেছে, আউলিয়াঘাটের দুই দিকের সড়ক পাকা করা হয়েছে। উপজেলা সদর থেকে মাড়েয়া ও বড়শশী থেকে আউলিয়াঘাট পর্যন্ত এলজিইডি সড়ক পাকা করেছে। আউলিয়াঘাট দিয়ে একটি ছোট ডিঙি নৌকায় লোকজন পারাপার হচ্ছে। জেলা পরিষদ প্রতিবছর নিলাম ডাকের মাধ্যমে পারাপারের জন্য ইজারাদার নির্বাচন করে থাকে। ইজারাদার নির্ধারিত হারে টোল আদায় করে লোকজনকে পারাপার করেন।
বালাপাড়া গ্রামের কৃষক আবদুল লতিফ দুঃখ করে বলেন, ‘মোর জীবনে বুঝি আর আউলিয়া ঘাটত সেতু দেখে যাবা পারিবা নুহু। অনেক বছর ধরে শুনেছু এইঠে (এখানে) সেতু হবে।’
বড়শশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান থাকাকালীন তিনি ঢাকায় গিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন। স্বাধীনতার ৪৩ বছরেও আউলিয়াঘাটে সেতু হয়নি। বড়শশীবাসীর দুঃখ আউলিয়াঘাটে সেতু নেই।
বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ জানান, আউলিয়া ঘাটে সেতু নির্মাণের জন্য উপজেলা পরিষদের সভায় একাধিকবার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।
এলজিইডির বোদা উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, করতোয়া নদী উপজেলা সদর থেকে বড়শশী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে রেখেছে এটা ঠিক। তবে এ এলাকায় বড় সেতু নির্মাণ প্রকল্প চলমান না থাকায় প্রস্তাব করা যায়নি। আউলিয়াঘাটে ৪০০ থেকে ৫০০ মিটার দীর্ঘ সেতু প্রয়োজন। এ জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকার প্রয়োজন। ফলে স্থানীয়ভাবে এত বড় প্রকল্প গ্রহণ করা সম্ভব নয়।