সেতুর অভাবে ৮ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুরের কামালিয়া চালা-হাতীবান্ধা সড়কে খালের ওপর বানানো ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে এলাকাবাসী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সখীপুরের কামালিয়া চালা-হাতীবান্ধা সড়কে খালের ওপর বানানো ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন চলাচল করে এলাকাবাসী। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের কামালিয়া চালা থেকে হাতীবান্ধা যেতে কুড়াতলী খালের ওপর সেতু না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে আটটি গ্রামের মানুষ। প্রতিদিন খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে তারা।
সরেজমিন ও ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে উপজেলার সীমান্তবর্তী কামালিয়া চালা-হাতীবান্ধা কাঁচা সড়কের কুড়াতলী খালের ওপর স্থানীয় ইউনিয়ন পরিষদ পথচারীদের পারাপারের জন্য ছয় বছর ধরে একটি বাঁশের সাঁকো চালু করেছে।
প্রতিদিন ওই সাঁকো দিয়ে হাতীবান্ধা, চাকদহ, মইশাচাঙা, সৈদামপুর, যৌতুকি, পৌলি, তারাবাড়ি ও সিঙ্গারডাক গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে। ৬০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটির মাঝখানে নিচের দিকে হেলে গেছে। চলার সময় সাঁকো দোলে। দুই পাশে রেলিং না থাকায় শিশু ও বৃদ্ধরা বসে বসে পার হন। এর আগে নৌকা দিয়ে লোকজন পারাপার হতো বলে স্থানীয় লোকজন জানান।
সেতু ও যান চলাচলের ব্যবস্থা না থাকায় অনেক অসুস্থ মানুষ পথেই মৃত্যুবরণ করেছেন বলে সাঁকোর পশ্চিম পাশের হাতীবান্ধা ও চাকদহ গ্রামের অনেকে অভিযোগ করেন।
হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিৎ কুমার সরকার বলেন, সময়মতো হাসপাতালে না পৌঁছানোর কারণে তাঁর বড় ভাই ২০১১ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পথেই মারা যান।
চাকদহ ও হাতীবান্ধা গ্রামের দশম শ্রেণির ছাত্রী স্বপ্না সরকার, আশা সরকারসহ কয়েকজন শিক্ষার্থী বলে, ওই নড়বড়ে সাঁকো পার হয়ে দুই গ্রামের ছেলেমেয়েরা পাঁচ কিলোমিটার হেঁটে রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ে ক্লাস করতে যায়। সেতু থাকলে তাদের হেঁটে যেতে হতো না।
হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র বলেন, ‘ওই ভাঙায় সেতু নির্মাণের জন্য ছয় বছর ধরে এমপি মহোদয়কে বলে আসছি। অনেকবার মাপামাপিও হয়েছে। তার পরও কেন যে হচ্ছে না, তা বলতে পারছি না।’
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার সিকদার বলেন, ‘সমগ্র ইউনিয়নে বাঁশের সাঁকোর জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার টাকা। আমার গ্রামেই আটটি বাঁশের সাঁকো। এলাকার মানুষের সহায়তায় ও পকেটের টাকা দিয়ে ওই সাঁকো আমি তৈরি করে দিই।’
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবীন হোসেন প্রথম আলোকে বলেন, ‘সেতুটি নির্মাণে ৫০-৬০ লাখ টাকা লাগবে। ইউনিয়ন পরিষদে এত টাকার বরাদ্দ নেই।’
স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান মুঠোফোনে বলেন, ‘সেতুর জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব দেওয়া আছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই প্রস্তাবটি পাস হবে।’