সেতুর একাংশ ভেঙে দুই বছর ধরে নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলার কালীজিরা নদীর ওপর নির্মিত লোহার সেতুর একাংশ দুই বছর আগে ভেঙে যায়। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঝালকাঠি সদর উপজেলার কালীজিরা নদীর ওপর নির্মিত লোহার সেতুর একাংশ দুই বছর আগে ভেঙে যায়। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঝালকাঠির সদর উপজেলার একটি সেতুর একাংশ ভেঙে দুই বছর ধরে নদীতে পড়ে আছে। ফলে ছয়টি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষকে প্রায় চার কিলোমিটার ঘুরতে হচ্ছে।
লোহার নির্মিত সেতুটি কালীজিরা নদীর ওপর অবস্থিত। নদীর একদিকে ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রাম; অপরদিকে বিনয়কাঠি ইউনিয়নের আশিয়ার গ্রাম।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে ৬০ মিটার দীর্ঘ এ লোহার সেতু নির্মাণ করা হয়। এতে এলজিইডি অর্থায়ন করে। বিনয়কাঠি ইউনিয়নের আশিয়ার, মুড়াশাতা ও কালিয়ারগোক; গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা ও হোসেনপুর এবং বরিশালের উজিরপুর উপজেলার পঞ্চগ্রামের ৪০ হাজার মানুষ এ সেতুর ওপর নির্ভরশীল। কিন্তু ২০১৪ সালে জুন মাসে সেতুটির মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। কিন্তু আজ পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে বিদ্যালয়গামী শিক্ষার্থীরা বিশেষ করে ভোগান্তিতে পড়ছে।
গত ২০ জুলাই সরেজমিনে দেখা গেছে, সেতুটির মাঝবরাবর ১৫ মিটার অংশ ভেঙে নদীতে পড়ে আছে। ঘুরপথ এড়াতে কেউ কেউ ভাঙা সেতুটির পাশ দিয়ে নৌকায় করে নদী পার হচ্ছে।
সেতুর আশপাশে বাড়ি, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গাভারামচন্দ্রপুর ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দারা সেতুটি পার হয়ে ঝালকাঠি সদরে যাতায়াত করত। অন্যদিকে বিনয়কাঠি ইউনিয়নের আশিয়ার গ্রামে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় গ্রামের কয়েক শ শিক্ষার্থী সেতুটি পার হয়ে বরিশালের উজিরপুর উপজেলার পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে যেত। সেতুটি ভেঙে যাওয়ায় দুই বছর ধরে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছে। কারণ, কয়েক মিনিটের পথ পাড়ি দিতে এখন ঘুরপথে এক ঘণ্টার বেশি সময় লেগে যাচ্ছে।
গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানি বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় তাঁর ইউনিয়নের বাসিন্দাদের এখন প্রায় চার কিলোমিটার ঘুরে ঝালকাঠি শহরে যেতে হচ্ছে। জনস্বার্থে সেতুটি জরুরি ভিত্তিতে মেরামত অথবা নতুন সেতু নির্মাণ করার দাবি জানান তিনি।
বিনয়কাঠি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ সেতুর জন্য তাঁরা এলজিইডি, উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জানতে চাইলে এলজিইডির ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী আরিফ উদ দৌলা প্রথম আলোকে বলেন, ‘এলজিইডি এখন আর লোহার সেতু নির্মাণ করে না। তাই ভেঙে যাওয়া লোহার সেতুটির স্থলে কংক্রিটের সেতু নির্মাণ করতে হবে। আমরা শিগগিরই সেতুটির স্থান পরিদর্শন করে প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব।’