সেতুর ওপর ট্রাক উল্টে যানজট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেনিখালী সেতুর ওপর গতকাল বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। এতে ট্রাকচালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই দিকে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সাভারে যাচ্ছিল মালবাহী ট্রাকটি। এটি সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মেনিখালী সেতুর ওপর ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সেতুর ওপর ট্রাকটি উল্টে যায়। এতে চালক আলমগীর হোসেনের এক হাত ও হেলপার নাজিম মিয়ার পা ভেঙে যায়।
পথচারী আমজাদ হোসেন ও অটোরিকশাচালক নুরু মিয়া বলেন, ঘটনার সময় ট্রাকচালক মুঠোফোনে কথা বলছিলেন আর হাসছিলেন। সামান্য দূরে গিয়ে ট্রাকটি উল্টে গেলে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যেত।
এ ঘটনার পর সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে অসংখ্য মানুষ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে
ট্রাকটি সরিয়ে ফেলে। বেলা দুইটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।