সেতুর ওপর বাঁশের সাঁকো
বরিশালের গৌরনদী উপজেলায় বিধ্বস্ত হওয়ার নয় মাস পরও একটি সেতু পুনর্নির্মাণ করা হয়নি। এতে দেড় লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। এ অবস্থায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ওই সেতুর ওপর স্থাপন করেছে বাঁশের সাঁকো।ওই সাঁকো দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ। তাই কোনো যানবাহন চলাচল করতে পারে না। লোকজনও ভয়ে ভয়ে ওই সেতু দিয়ে চলাচল করে। এ অবস্থায় স্থানীয় লোকজন এটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গৌরনদী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আগরপুর-সরিকল খালের সরিকল বন্দরসংলগ্ন এলাকায় ১৯৯৭-৯৮ অর্থবছরে ২৭ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়।এলাকাবাসীর অভিযোগ, সেতুটি নির্মাণকালে রেল-খুঁটি (গাডার) কম দেওয়া হয় এবং নকল ভিম ব্যবহার করা হয়। এ ছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নয় মাস আগে এর একপাশ ধসে পড়ে।এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এ ঘটনার পর গত ১৫ অক্টোবর সরিকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। কিন্তু তাঁরা ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, একবার এটি দেখতেও আসেননি। গত ১৯ জানুয়ারি স্থানীয় লোকজন চাঁদা তুলে ধসে যাওয়া অংশে একটি বাঁশের সাঁকো স্থাপন করেছে।সরিকল বন্দরের ব্যবসায়ী মনিরুজ্জামান, এমদাদ হোসেন, জানে আলম ও কলেজছাত্র আমিরুজ্জামান জানান, গৌরনদী, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ এ সেতু দিয়ে চলাচল করে। নয় মাস আগে এটি বিধস্ত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছিল। তাদের দুর্ভোগ লাঘবে স্থানীয়ভাবে চাঁদা তুলে সেতুর ওপর বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে।সরিকল গ্রামের আবু তালেব বেপারী বলেন, ‘মোরা বাজারের তন টাহা উডাইয়া চার (সাঁকো) দিয়া হাঁটাচলা করতাছি। জানের রিসক লইয়া (ঝুঁকি নিয়ে) গ্রামের মাইয়া-পোলারা স্কুল-কলেজে যায়।’সরিকল ইউপির সাবেক চেয়ারম্যান আ. মন্নান মৃধা বলেন, দুটি মাধ্যমিক, পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করে। সাঁকো স্থাপন করার আগে তিলেরচর, ইসলামপুর, ঠাকুরমল্লিক ও মইশা গ্রামের শিক্ষার্থীদের দেড় কিলোমিটার পথ ঘুরে সরিকল এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আসতে হতো।সরিকল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল লতিফ বলেন, ভৌগোলিক কারণে গৌরনদী, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার ব্যবসায়ীরা সরিকল বন্দরে আসেন। সেতুটি বিধ্বস্ত হওয়ায় তাঁদের সমস্যা বেশি হচ্ছে।সরিকল ইউপির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন বলেন, সেতুটি নির্মাণের বিষয় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার তোলা হয়েছে এবং এলজিইডির কার্যালয়ে আবেদন করা হয়েছে।উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, সেতুটি নির্মাণের ব্যাপারে প্রাক্কলন তৈরি করা হয়েছে। এগুলো অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে; কিন্তু অনুমোদন ও বরাদ্দ না পাওয়ায় এর সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না।