ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলায় জাগীর সেতুর ওপর গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস বিকল হয়ে পড়ে। এতে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।ট্রাফিক পুলিশ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে বিআরটিসির একটি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। ছয়টার দিকে মহাসড়কের জাগীর সেতুর ওপর বাসটির চাকা ফেটে যায়। এতে বাসটি সেতুর ওপর আটকা পড়লে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় পাশে মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নিলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যান চলাচল শুরু হয়।