সেতুর ওপর ভটভটির স্ট্যান্ড
সেতুটির ওপরে মানুষের ভিড় লেগেই থাকে সারা দিন। কেউ বাজারে যাচ্ছে, কেউ রাজশাহীগামী বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে দৌড়াচ্ছে। আর এই সেতুর ওপরে করা হয়েছে ভটভটির স্ট্যান্ড। এতে মানুষের দুর্ভোগের শেষ নেই। কর্তৃপক্ষ বলছে, অবৈধ এ স্ট্যান্ডটি সরানো যাচ্ছে না।সেতুটি রাজশাহীর পদ্মার শাখা বড়াল নদীর ওপরে। এর পূর্বে উত্তরাঞ্চলের প্রসিদ্ধ বাণিজ্যিককেন্দ্র রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার। আর পশ্চিমে আড়ানী বাসস্ট্যান্ড। এমনিতে সেতুর ওপর মানুষের ভিড়। তার ওপর সেতুর দক্ষিণ পাশ দিয়ে এক সারিতে দাঁড়িয়ে রাখা হয়েছে ১৫-২০টি ভটভটি। এতে সেতুর ওপরের রাস্তার অর্ধেকটা দখল হয়ে গেছে।স্থানীয় লোকজন জানান, এসব ভটভটি আড়ানী থেকে রাজশাহীর পুঠিয়ায় যাবে। সেখান থেকে যাত্রীরা রাজশাহী-নাটোর রুটের যানবাহনে গিয়ে ওঠে। এই সেতু পার হলেই বাসস্ট্যান্ড। যাত্রীরা বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই সেতুর ওপরে ভটভটি চালকেরা তাঁদের পটিয়ে গাড়িতে তোলার চেষ্টা করেন। চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক আবদুর রউফ বলেন, প্রতি শনি ও মঙ্গলবার আড়ানীতে বাজার বসে। এ সময় এমনিতে ট্রাক আর ভ্যানের জন্য সেতুর ওপরে জায়গা পাওয়া যায় না, তার ওপর এই ভটভটির স্ট্যান্ড মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো জেঁকে বসেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব ভটভটির রুটপারমিট ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেই, চালকের লাইসেন্সও নেই।আড়ানী বাজারের ব্যবসায়ী মুক্তা বলেন, আড়ানী-পুঠিয়া সড়কে ভটভটি দুর্ঘটনায় বেশ কয়েকবার মানুষ মারা গেছে। তবু মানুষের অসচেতনতার কারণে দিনে দিনে ভটভটির সংখ্যা বাড়ছে। শুধু তাই নয়, আস্তে আস্তে তারা পারাপারের সেতুটিও দখলে নিয়েছে। সেতুর ওপরে ভটভটির হ্যান্ডেল ধরে যাত্রীদের ওঠানোর চেষ্টা করছিলেন চারঘাট উপজেলার জায়গীরপাড়া গ্রামের ভটভটিচালক আনিসুর রহমান (২২)। সেতু দখল করে গাড়ি রাখা প্রসঙ্গে তিনি বলেন, আর কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে তাঁরা সেতুর ওপরেই রেখেছেন। স্থানীয়ভাবে কারা এ স্ট্যান্ড পরিচালনা করছেন খোঁজ করতেই রুমান নামের এক যুবক বলেন, তাঁরা এখানে দাঁড়ানো প্রতিটি গাড়ি থেকে ১০ টাকা করে নেন। সেতুর ওপরে ভটভটি রাখার বিষয়ে তিনি বলেন, অন্য কোথাও জায়গা না পেয়ে তাঁরা বাধ্য হয়ে মাসখানেক আগে থেকে সেতুর ওপরে ভটভটি রাখছেন।জানতে চাইলে আড়ানী পৌর প্রশাসক ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ বলেন, স্ট্যান্ডটি সরানোর জন্য তাঁদেরই উদ্যোগ নেওয়া দরকার—এটা ঠিক। কিন্তু তিনি এর আগে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ভটভটি স্ট্যান্ড তো সেতুর পশ্চিম পাশে থাকার কথা। এই অবৈধ যানবাহন কেন রাস্তায় চলছে—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা গরিবের ক্ষমতা। গরিবের জন্য অনুমতি আছে। তাদের ধরতে গেলেই ওপর থেকে সুপারিশ আসে।’