সেতুর ওপর সেতু, যান উল্টে অহরহ দুর্ঘটনা
গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কের সেই আলাই সেতুটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরাজীর্ণ কংক্রিটের সেতুটি মেরামত না করে তার ওপর বেইলি সেতু স্থাপন করা হয়েছে। এতে প্রতিদিন যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অথচ সেতুটি জেলা শহরের সঙ্গে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু এটি নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ব্রিটিশ আমলে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের পুরাতন বাদিয়াখালি নামক স্থানে আলাই নদীর ওপর সেতুটি নির্মিত হয়। কিন্তু আজ অবধি সেটির সংস্কার করা হয়নি। ২০০৯ সালের বন্যায় সেতুর দক্ষিণাংশ ধসে পড়ায় সেখানে ইস্পাতের ১০ ফুট পাটাতন বসানো হয়। জরাজীর্ণ কংক্রিটের সেতুর ওপর ইস্পাতের পাটাতন দেওয়ায় সেটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। চলতি বছরের ১৬ এপ্রিল সেতুর উত্তরাংশের পাটাতন ধসে গেলে জেলা শহরের সঙ্গে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই সড়কে এক মাস যান চলাচল বন্ধ থাকে। এরপর গাইবান্ধা সওজ বিভাগ বিধ্বস্ত সেতুর ওপর একটি বেইলি সেতু স্থাপন করে। গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালি গ্রামের চাকরিজীবী শাহিন মিয়া (৫০) বলেন, ‘সেতুর উভয় পাড়ে বাদিয়াখালি বাজার থাকায় মানুষ ও যানবাহন পারাপারে ভিড় সবসময় লেগেই থাকে। দুর্বল ভিত্তির ওপর বেইলি সেতু স্থাপন করায় তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’কংক্রিটের সেতুর ওপর বেইলি সেতু স্থাপন করায় মূল সেতুটি এখন অস্বাভাবিকভাবে উঁচু হয়ে পড়েছে। ফলে দুদিক থেকে সেতুতে উঠতে গিয়ে যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া জরাজীর্ণ কংক্রিটের ভিত্তিটুকুও একটু একটু করে ধসে পড়ছে। বাদিয়াখালি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ আলী বলেন, ‘সেতুতে ওঠানামা করতে গিয়ে প্রতিদিন অনেক যানবাহন উল্টে পার্শ্ববর্তী দোকানের ওপর পড়ছে। ফলে সেতুর আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ব্যবসায়ীদের উত্কণ্ঠায় থাকতে হচ্ছে।’ বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমানুল হক বলেন, এই সেতুর ওপর দিয়ে প্রায় পাঁচ লাখ মানুষ জেলা শহরে যাতায়াত করে। অথচ নতুন সেতু নির্মাণে সওজ বিভাগের কাছে লিখিত আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। গাইবান্ধা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম প্রথম আলোকে বলেন, নতুন সেতু নির্মাণের জন্য ১২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প সড়ক অধিদপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে নির্মাণ করা হবে।