সেতুর ওপর স্ট্যান্ড!
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বেইলি সেতু দখল করে ভটভটি ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড বসানোয় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া লোকজনকেও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, ভবানীগঞ্জ-পুঠিয়া সড়কের তাহেরপুর বেইলি সেতুর ওপর দিয়ে বাগমারা, নাটোর ও নওগাঁর আত্রাই এলাকার লোকজনের চলাচল। সেতুর ওপর দিয়ে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন ভারী ও হালকা যান চলাচল করে। প্রতি শুক্র ও সোমবার তাহেরপুর এবং ভবানীগঞ্জে হাট বসায় সেতু দিয়ে যান চলাচল বেড়ে যায়। গুরুত্বপূর্ণ ও ব্যস্ত তাহেরপুর সেতুর ওপর অবৈধ স্ট্যান্ড বসানোয় যান চলাচলে সমস্যা হচ্ছে। সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর ওপর প্রায় সব সময় অর্ধশতাধিক ভটভটি ও অটোরিকশা থাকে। এখান থেকে উপজেলার বিভিন্ন স্থানে এবং নওগাঁর আত্রাইয়ে এসব যান চলাচল করে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুর উভয় পাশে বেশ কিছু ভটভটি ও অটোরিকশা দাঁড়িয়ে আছে। মাঝখানে সামান্য খালি জায়গা থাকলেও সেখান দিয়ে যানবাহন ও লোকজন চলাচলে সমস্যা হচ্ছে। এতে যানজট লেগে যায়। বাসচালক ইব্রাহিম হোসেন জানান, সেতুর ওপর স্ট্যান্ড থাকায় যানজটের কারণে সেতু পার হতে অনেক সময় লেগে যায়। গোয়ালকান্দির আকবর আলী নামে এক ব্যক্তি জানান, সেতুর ওপর স্ট্যান্ড থাকায় ভ্যানে করে হাটে মালামাল নিয়ে যেতে খুব কষ্ট হয়। তাহেরপুরের বাসিন্দা নূরুল ইসলামসহ স্থানীয় লোকজন জানান, সেতুর ওপর স্ট্যান্ড থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ভটভটিচালক রাব্বানী, নাহিদ বলেন, তাঁরা স্ট্যান্ডের জন্য নিয়মিত পুলিশকে চাঁদা দেন। তাঁদের পক্ষে স্ট্যান্ড মাস্টার টাকা আদায় করেন বলে তাঁরা অভিযোগ করেন। স্ট্যান্ড মাস্টার বিল্টু স্ট্যান্ড থেকে গাড়িপ্রতি দিনে ১০ টাকা আদায় করার কথা স্বীকার করেন। তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ জানান, সেতুর ওপর থেকে অবৈধ স্ট্যান্ড সরানোর জন্য সংশ্লিষ্টদের একাধিকবার বলা হয়েছে। সেতুর ওপর স্ট্যান্ড করার ব্যাপারে পৌরসভার কোনো অনুমতি নেই। বাগমারা থানার ওসি হারুন অর রশিদ অবৈধ ভটভটি ও অটোরিকশা স্ট্যান্ড থেকে পুলিশের টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন।