সেতুর কাছ থেকে বালু তুলছেন আ.লীগ নেতা
রংপুরের কাউনিয়ায় সেতুর কাছে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ঠিকাদার আমিন আনছারী (৪৫)। এ কারণে ওই এলাকায় একের পর এক ভাঙছে আবাদি জমি।সরেজমিনে দেখা গেছে, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা রেলসেতু ও নির্মাণাধীন সড়কসেতুর প্রায় ৭০০ গজ দূরে তিস্তা নদীতে শ্যালো ইঞ্জিনচালিত একটি যন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। ছয় মাস ধরে এখান থেকে বালু তোলা হচ্ছে বলে স্থানীয় লোকজন জানান।২০১০ সালের বালুমহাল আইনে বলা হয়েছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া ও নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি তোলা নিষিদ্ধ।এলাকাবাসী জানান, নদী থেকে বালু তোলায় নদীর পাড় ভেঙে যাচ্ছে। এভাবে ভাঙতে ভাঙতে অনেক আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এক বছরের মধ্যে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের প্রায় তিন একর আবাদি জমি নদীভাঙনে বিলীন হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী অভিযোগ করেন, বালু উত্তোলনকারী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে ভয়ে কেউ কিছু বলতে চায় না।নিচপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আমিনুল ইসলামের দেড় একর জমির অর্ধেকই নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘এমন করি বালু না তুললে জমিগুলো আরও কিছুদিন থাকিল হয়।’ একই গ্রামের কৃষক আনছার আলীর এক একর জমির অর্ধেক গত ছয় মাসে নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘এমনি-ই তো নদী ভাঙে। তার ওপর বালু তোলা হয়। তাই জমি তাড়াতাড়ি ভাঙি পড়ছে।’ কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘এর আগে অনেক জমি নদীত চলি গেইছে। এভাবে বালু তুললে এই এলাকার জমিগুলা একসময় সোগ নদীত যাইবে, বাহে।’ এভাবে আরও কয়েকজনের আবাদি জমি ইতিমধ্যে নদীভাঙনে বিলীন হয়েছে; আরও কিছু আবাদি জমি ভাঙনের মুখে রয়েছে।অবৈধভাবে বালু উত্তোলনকারী আমিন আনছারী বলেন, এর আগেও এভাবে বালু তোলা হয়েছে। নির্মাণকাজের জন্য বালুর তো প্রয়োজন রয়েছে। এ বালু উন্নয়নমূলক কাজেই ব্যবহার করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ‘নদী থেকে বালু তোলার খবর আমাদের জানা নেই; এখন জানলাম। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’