সেতুর কাছে নদের পাড় থেকে মাটি কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সিংগীমারী রেলসেতুর পাশে ঘাঘট নদের পাড় কেটে মাটি উত্তোলন করা হচ্ছে। এর পাশেই নদের ভেতরে খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। ফলে নদের পাড়সংলগ্ন আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে। পাশাপাশি রেলসেতুটিও হুমকিতে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিটি করপোরেশন এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের শিংগীমারী এলাকায় নদের পাড়ের মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ছয় মাস আগে থেকে স্থানীয় বালু ও মাটি ব্যবসায়ী আজিজুল ইসলাম ও নাসির মিয়া এ কাজ করছেন। এভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের দাবি জানিয়ে মনোহরপুর গ্রামের মাহমুদ সেলিম নামের এক ব্যক্তি সিটি করপোরেশনের মেয়র বরাবর একটি আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে, মনোহরপুর ও এর আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার মানুষের আবাস। এই নদের ওপর রয়েছে সিংগীমারী রেল সেতু। এভাবে বালু উত্তোলন ও মাটি কাটার ফলে শুধু এলাকাবাসী নন, সেতুটিও হুমকির মধ্যে পড়েছে।
মনোহরপুর গ্রামের কৃষক মোজাফফর হোসেনের এক একর আবাদি জমির অর্ধেক এরই মধ্যে নদে বিলীন হয়ে গেছে। মোজাফফর বলেন, এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সিটি করপোরেশনের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
একই এলাকার কৃষক আনসারুল মিয়ার ৪০ শতাংশ জমির কিছু অংশ নদে বিলীন হয়েছে। বাকি অংশও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আনসারুল মিয়া বলেন, যেভাবে নদের পাড় কেটে নিয়ে যাওয়া হচ্ছে তাতে করে এখানকার আবাদি জমিগুলো হুমকির মুখে রয়েছে। এ ব্যাপারে তিনি সিটি করপোরেশনের হস্তক্ষেপ কামনা করেন।
২০১০ সালের বালুমহাল আইনে বলা রয়েছে, বিপণনের উদ্দেশে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদের তলদেশ থেকে বালু বা মাটি তোলা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি তোলা নিষিদ্ধ।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে আজিজুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই এভাবে বালু উত্তোলন করা হয়। এ ছাড়া মাটিও কাটা হয়। অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না বলে নেওয়া হয়নি।’
সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদ বলেন, নদের পাড় কাটার ব্যাপারে ওই ব্যক্তিদের নিষেধ করা হলেও তাঁরা তা শোনেননি। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, এভাবে নদের পাড় কাটা ও নদ থেকে বালু এবং মাটি তোলা সম্পূর্ণ অবৈধ। শিগগিরই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।