সুনামগঞ্জের ছাতক উপজেলায় সুরমা নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ সাত বছর ধরে বন্ধ রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে শুরু করা ওই সেতুর কাজ পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্ধ হয়ে যায়। এরপর সেতুর কাজ আর শুরু হয়নি।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ছাতকের সঙ্গে দোয়ারাবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ছাতক পৌর শহরের বাজনামহল এলাকায় সুরমা নদীর ওপর ২০০৫ সালে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। একই বছরের সেপ্টেম্বরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর সরকারের একটি বিশেষ প্রকল্পের (গুচ্ছ) আওতায় ২০০৬ সালের জানুয়ারিতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ শুরু হয়। সেতুর কাজ চলে এক বছর। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সেতুর কাজ বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো কাজ হয়নি। ২০১০ সালে সেতুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য জন্য ৫১ কোটি টাকার একটি নতুন প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু এর কোনো অগ্রগতি নেই। ওই প্রকল্পটি অনুমোদিত না হলে সেতুর কাজ আর না-ও হতে পারে। সেতুর নির্মাণকাজে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় আট কোটি টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতুর ছাতক শহর অংশে তিনটি পাকা পিলার ও নদীর ওপারে আরও দুটি পিলারের কাজ করা হয়েছে। সেতুর দুই পাড়ের সংযোগ অংশের কিছু পাকা কাজও হয়েছে। এ ছাড়া আর কোনো কাজ হয়নি। এ সময় নির্মাণাধীন সেতুর পাশে পাথর ভাঙার কাজে ব্যস্ত ছাতকের নোয়ারাই গ্রামের শ্রমিক আবিদ উল্লা (৫২) বলেন, ‘ইটা (সেতু) মরি গিছে। আর জিতা অইব করি মনে অয় না। না অইলে সাত বছর ধরে পইড়া আছে কেনে। একটা পুল (সেতু) বানাইতে কয় বছর লাগে।’
বাজনামহল গ্রামের বাসিন্দা আবু বকর জানান, এই সেতু হলে দোয়ারাবাজার এলাকার মানুষ সহজেই ছাতক হয়ে সিলেটে যাতায়াত করতে পারবেন।
বাজনামহল এলাকার কলেজছাত্র মারুফ আহমেদ বলেন, ‘আমরা হতাশ। সাত বছর ধরে কাজ বন্ধ। এই সেতু আর হবে কি না, মানুষের মধ্যে সেই প্রশ্ন দেখা দিয়েছে।’
সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক-দোয়ারাবাজার) সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদ বলেন, ‘দুটি উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে বিএনপি এই সেতুর কাজ শুরু করেছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পর হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। বন্ধ সেতুর কাজ আবার শুরু করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। কিন্তু কোনো ফল হয়নি।’
এ ব্যাপারে সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন প্রথম আলোকে বলেন, সেতুর কাজ ৪০ ভাগ হওয়ার পর ২০০৮ সাল থেকে কাজ বন্ধ রয়েছে। ৫১ কোটি টাকার প্রকল্প প্রস্তাবটি মন্ত্রণালয়ে পড়ে আছে। এ প্রকল্প অনুমোদন না হলে হয়তো সেতুর কাজ আর হবে না।