সেতুর কাজ শেষ করার দাবিতে মানববন্ধন
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর-পাওটানারহাট সড়কের ভোলানাথে বুড়াইল নদের ওপর অসমাপ্ত সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাম্বুলপুর বাজারসংলগ্ন বুড়াইল নদের পাড়ে এলাকাবাসী ওই কর্মসূচি পালন করে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পীরগাছা কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সড়কের ভোলানাথে বুড়াইল নদের ওপর সেতু নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে ৯৬ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু করা হয়। কিন্তু কিছুদিন পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যান। দ্বিতীয় দফায় ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি দরপত্রের মাধ্যমে আমিনুল ইসলাম নামের এক ঠিকাদার নির্মাণকাজের দায়িত্ব পান। ২০১১ সালে ওই ঠিকাদারও নির্মাণকাজ অসমাপ্ত রেখে চলে যান। এর পর থেকে আজ পর্যন্ত সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়নি। এতে উপজেলার চার লাখ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।দ্রুত ওই সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার দাবিতে গতকাল বিকেলে মানববন্ধন ও সমাবেশ করে এলাকাবাসী। সমাবেশে বক্তব্য দেন তাম্বুলপুর বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেন, নাগরিক কমিটির সদস্য মোজামেঞ্চল হক, শিক্ষক ফারুকুল ইসলাম, তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন সর্দার, রিয়াজুল প্রমুখ। বক্তারা অবিলম্বে সেতুর বাকি কাজ সম্পন্ন করার দাবি জানান।এ ব্যাপারে পীরগাছা উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার সেতুর নির্মাণকাজ সম্পন্ন করতে অপারগতা প্রকাশ করে কাজ বন্ধ রেখেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।