সেতুর গায়ে পট্টি আর পট্টি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রামপুর নালার ওপর নির্মিত বেইলি সেতুর ছেঁড়া-ফাটা অংশে একের পর এক পট্টি বা তালি লাগিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে। এ পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এ সেতুতে এ পর্যন্ত সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি। পাটাতনে কেবল তালি লাগিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে কাজ। সেতুর লোহার পাটাতনে বর্তমানে অন্তত ১৫৯টি তালি রয়েছে।
সরেজমিনে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে দেখা গেছে, সেতুর ওপর লাগানো বিভিন্ন স্থানের পাটাতন সরে ফাঁকা হয়ে গেছে। যানবাহন ওই ফাঁকা অংশ এড়িয়ে চলার চেষ্টা করছে। পাটাতনের বাদবাকি অংশেও কেবল পট্টি আর পট্টি। গুনে দেখা গেছে, পুরো সেতুতে ১৫৯টি তালি রয়েছে।
কথা হয় সেতু দিয়ে চলাচলকারী বাসচালক আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, এ রাস্তা দিয়ে তাঁকে প্রায় প্রতিদিন হরিপুর উপজেলায় যাতায়াত করতে হয়। সেতুর ওপর দিয়ে মালবাহী ট্রাকও চলাচল করে। তিনি বলেন, বাস নিয়ে সেতুর ওপর উঠলেই তা কেঁপে ওঠে।
পাশের উপজেলা রানীশংকৈল বন্দরের বাসিন্দা আকতারুজ্জামান মোটরসাইকেল নিয়ে হরিপুর যাচ্ছিলেন। সেতুটি পার হয়ে এসে মোটরসাইকেল থামিয়ে বলেন, সেতুটির অনেক পাটাতনের সংযোগস্থল ক্ষয় হয়ে ধারালো হয়ে গেছে। ধারালো লোহায় লেগে যানবাহনের চাকা অনেক সময় ফেটে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
রামপুরের বাসিন্দা আবদুল গফুর বলেন, হরিপুরের যাদুরানী হাটটি গরু-ছাগল ও ধানের ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন। হাটের মালামাল পরিবহনের জন্য রামপুরের এই বেইলি সেতুটি ব্যবহার করে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই। এসব মালামাল বহনকারী ভারী যানসহ বাস বা ট্রাকের চলাচলে প্রায়ই সেতুটির পাটাতন ভেঙে যায়। সওজ কর্তৃপক্ষ তখন সেই ভাঙা অংশে দায়সারা একটি পট্টি লাগিয়ে কোনোমতে চলাচলের আবার ব্যবস্থা করে দেয়। এভাবে সেতুর গায়ে পট্টির সংখ্যা বেড়ে দেড় শতাধিক হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানায়, সেতুটির ওপর ভারী যানবাহন উঠলে এটি কাঁপতে থাকে। গাড়ি চালানোর সময় ভয়ে থাকেন চালকেরা। এদিকে সেতুটি সরু হওয়ায় এটি দিয়ে পাশাপাশি একসঙ্গে একাধিক বড় যান এমনিতেও চলতে পারে না। একটি ট্রাক বা বাস সেতু দিয়ে যাওয়ার সময় অপর পাশের যানচালকেরা গাড়ি থামিয়ে অপেক্ষা করেন কখন ওই বাস বা ট্রাকটি নামবে। প্রায় এক যুগ ধরে এভাবেই সেতুটি দিয়ে যান চলাচল করছে। মাঝেমধ্যে পাটাতনের লোহা ক্ষয় হয়ে ভেঙে গেলে বা পাটাতন চুরি হলে ওই ঘাটতি পূরণে সেখানে একটি পট্টি লাগিয়ে ভাঙা অংশ জোড়া লাগিয়ে দেওয়া হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে রামপুর নালার ওপর একটি পাকা সেতু নির্মাণ করা উচিত। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ সোহেল আহমেদ বলেন, হরিপুর সড়কের বেইলি সেতুটির পাটাতন ভেঙে যাওয়ার খবর পেলেই ভাঙা পাটাতন মেরামত করে দেওয়া হচ্ছে। এই বেইলি সেতুটির পরিবর্তে এখানে একটি পাকা সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। কত সালে এ বেইলি সেতুটি নির্মাণ করা হয়, তা সঠিকভাবে জানাতে পারেনি সওজ ঠাকুরগাঁও কার্যালয়। এ ছাড়া এ বেইলি সেতুর জায়গায় একটি পাকা সেতু নির্মাণের পরিকল্পনার কথা বলা হলেও এখনো এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তৈরি হয়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।