সেতুর জন্য অপেক্ষার পর যুবকদের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্তৃপক্ষের আশ্বাসে দীর্ঘদিন অপেক্ষার পর নিজেরাই সেতু নির্মাণ শুরু করেছেন রাঙামাটি পৌরসভার বিজয়নগর এলাকার যুবকেরা। আর টাকা তুলে সরঞ্জাম কেনায় সহযোগিতা করছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন ও যুবকেরা জানান, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রায় তিন বছর আগে তাঁদের এলাকায় গিয়ে শহরের মূল ভূখণ্ডের সঙ্গে বিজয়নগরের সংযোগ সেতু নির্মাণ করার আশ্বাস দেন। এরপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ওই এলাকায় গিয়ে সেতু নির্মাণ করার আশ্বাস দিয়েছিলেন। তারপর বারবার যোগাযোগ করেও সেতু নির্মাণের উদ্যোগ দেখা যায়নি। অপর দিকে গাছের খুঁটির ওপর বাঁশের বেড়ার পাটাতন দিয়ে বিজয়নগরের শতাধিক পরিবারের লোকজনের আসা-যাওয়া চলছিল। সম্প্রতি তা ভেঙে বেশ কয়েকজন দুর্ঘটনা শিকার হয়। তার পরই এলাকার তরুণ-যুবকেরা বাড়ি বাড়ি গিয়ে নিজেদের উদ্যোগে সেতু নির্মাণে লোকজনকে উদ্বুদ্ধ করেন। গতকাল সোমবার বিজয়নগরে গিয়ে দেখা গেছে, রাঙামাটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিজয়নগর এলাকাটি চারদিকে কাপ্তাই হ্রদ বেষ্টিত। শহরের মূল ভূখণ্ডের সঙ্গে এলাকার দক্ষিণ অংশের দূরত্ব মাত্র ৭০ থেকে ৮০ ফুট। সেখানে কাঠ-বাঁশের তৈরি একটি নড়বড়ে সেতু রয়েছে। সেই অংশটির সংযোগ রক্ষায় যুবকেরা সেতু নির্মাণের কাজে ব্যস্ত। এ সময় রাঙামাটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্র পরিমল ত্রিপুরা ও সমঞ্চান শ্রেণীর ছাত্র সুপ্রিয় চাকমা বলেন, ‘আমরা আর অপেক্ষা করতে পারছি না। আমাদের নেতারা শুধু আশ্বাস দিয়ে যান। কিন্তু সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেন না।’ তরুণ ব্যবসায়ী তন্তুময় চাকমা (৩৫) বলেন, ‘এলাকার বৃদ্ধ ও শিশুদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। তাই আমরা সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি। কাঠ আর বাঁশ কেনার টাকা স্থানীয়ভাবে বয়স্করা তুলে দিচ্ছেন।’ স্থানীয় মুরব্বি রবিসূর্য চাকমা (৬০) ও ঝরনা চাকমা (৫০) বলেন, ‘বিজয়নগরে শতাধিক পরিবারের ছয় শতাধিক মানুষের বসবাস। আমরা পৌরসভায় নিয়মিত কর দিয়ে আসছি। কিন্তু একমাত্র বিদ্যুৎ সংযোগ ছাড়া আর কোনো পৌর সুযোগ-সুবিধা পাচ্ছি না।’ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকম বলেন, ‘আসলে আমাদের সাধ আছে, কিন্তু সাধ্যে কুলায় না। প্রকল্পটি আমাদের তালিকায় অন্তর্ভুক্ত আছে। আগামীতে অবশ্যই সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত যোগাযোগ রাখার জন্য আমি সাহায্য করব।’রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি ওই এলাকায় ঘুরে এসেছি। ওই সব সেতু পৌরসভা করে না। তবে স্থানীয় সরকারের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে সে রকম সেতুগুলো বাস্তবায়ন করা হয়। আমরা ইতিমধ্যে বিজয়নগর এলাকার সংযোগ সেতু নির্মাণের জন্য ঢাকার ত্রাণ ও পুনর্বাসন শাখায় প্রস্তাব পাঠিয়েছি।’