সেতুর জন্য আর কত অপেক্ষা?
‘নির্বাচন এলে প্রার্থীরা সেতু করার কথা বলেন। কিন্তু নির্বাচন শেষ হলে আর কোনো খবর থাকে না। সেতুর আশায় বছরের পর বছর কাটে। কিন্তু সেতু হয় না।’
কথাগুলো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল খালেকের (৫০)। সাপমারা খালের ওপর সেতু নির্মিত না হওয়ায় আক্ষেপ করে তিনি এ কথা বলেন।
সাপমারা খালের ওপর সেতু না হওয়ায় উপজেলার দুই ইউনিয়ন রায়পুর ও জুঁইদন্ডীর বাসিন্দাদের পারাপারের একমাত্র ভরসা জরাজীর্ণ একটি সাঁকো।
এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন সাঁকোর জায়গায় একটি সেতু করার দাবি জানালেও তা পূরণ হয়নি। শুধু নির্বাচন এলেই সেতু করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
এলাকাবাসী জানান, মাছের ব্যবসার জন্য জুঁইদন্ডীর শত শত লোক প্রায় প্রতিদিন রায়পুরে যান। অন্যদিকে রায়পুরের অনেক শিক্ষার্থী জুঁইদন্ডীতে অবস্থিত জে কে এস উচ্চবিদ্যালয় ও আনোয়ারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করে। রায়পুরের অনেক মানুষকে জুঁইদন্ডীর ওপর দিয়ে শহরে যাতায়াত করতে হয়।
দক্ষিণ সরেঙ্গার মো. মিয়া (৬৬) ও দোকানদার নুর আহমদ (৭০) বলেন, সাপমারা খালের আশপাশের গ্রামের কোনো রোগীকে হাসপাতালে আনা-নেওয়ার সময় সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। নৌকায় করে পারাপার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তা ছাড়া, কারও বিয়ের সময়ও ভোগান্তি পোহাতে হয়।
জে কে এস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, সাপমারা খালের ওপর সেতু না হওয়ায় এ ইউনিয়ন দুটি অনেকটাই পিছিয়ে আছে। এখানে পাকা সেতু নির্মিত হলে স্থানীয়রা অনেক উপকৃত হবে।
আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, ‘সাপমারা খালের ওপর ৩০ মিটার পাকা সেতু করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও রাখা হচ্ছে।’