সেতুর জন্য দুর্ভোগে ৪০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুরে উয়ার্শী নদীর নাগরপাড়া-আরোহা এলাকায় সেতু না থাকায় মানুষের দুর্ভোগের এ ছবিটি সম্প্রতি তোলা l
মির্জাপুরে উয়ার্শী নদীর নাগরপাড়া-আরোহা এলাকায় সেতু না থাকায় মানুষের দুর্ভোগের এ ছবিটি সম্প্রতি তোলা l

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া-আরোহা এলাকায় ধলেশ্বরীর শাখা উয়ার্শী নদীতে সেতু নেই। এতে মির্জাপুর, নাগরপুর, ঢাকার পাশের ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রায় ৪০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষায় নৌকা, শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর শুকিয়ে গেলে হেঁটে নদী পার হতে হয়।
এলাকাবাসী জানান, নদীটির উত্তর পাশে মির্জাপুরের নাগরপাড়া ও দক্ষিণে আরোহা গ্রাম। এই এলাকা দিয়ে তিনটি উপজেলার প্রায় ৪০ হাজার মানুষ চলাচল করে। এসব মানুষকে মির্জাপুর উপজেলা সদর, জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য নদীটি পাড়ি দিয়ে নাগরপাড়া বাজার থেকে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়। আর নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনসহ মির্জাপুরের উয়ার্শী, মজদই, মৈশামুড়া, নবগ্রামের লোকজনকে ধামরাই ও মানিকগঞ্জে যেতে নদী পার হয়ে দক্ষিণ পারে যেতে হয়। নদীর উত্তর পারে কিছু যানবাহন থাকলেও দক্ষিণ পারে ভাড়ায় চালিত মোটরসাইকেল ও রিকশা ছাড়া কোনো যানবাহন পাওয়া যায় না। সেতু না থাকায় এলাকাবাসীকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, নদীর এই অংশে রয়েছে নওগাঁও (নবগ্রাম) সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কহেলা কলেজ, দুটি কিন্ডারগার্টেন স্কুল, উয়ার্শী ইউনিয়ন স্থাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, আতুল্যা বাজার কমিউনিটি ক্লিনিক, উয়ার্শী ইউনিয়ন পরিষদ ভবন, নাগরপাড়া বাজার, কহেলা বাজার ও আতুল্যা বাজার। অন্যান্য মানুষের ভোগান্তির পাশাপাশি সেতুর অভাবে কৃষকেরা সময়মতো তাঁদের উৎপাদিত পণ্য বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
খেয়ানৌকার মাঝি আশু আলী (৫৫) বলেন, নদীটি শুকিয়ে গেলে লোকজন হেঁটেই পারাপার হয়। আর বর্ষায় নৌকা ছাড়া সাধারণ মানুষের চলাচলের আর উপায় নেই। তিনি প্রতিদিন গড়ে দুই শতাধিক মোটরসাইকেল পার করেন বলে জানান। পারাপারের জন্য তিনি জনপ্রতি ৫ টাকা, মোটরসাইকেল ও রিকশাভ্যানের জন্য ১০ টাকা করে নেন।
নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মো. ফারুক বলেন, নদীতে সেতু না থাকায় আশপাশের কমপক্ষে ৪০ হাজার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষায় নদীতে প্রচুর স্রোত থাকে। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মির্জাপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ফিরোজ রেজা বলেন, উয়ার্শী নদীর নাগরপাড়া এলাকায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ১৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই প্রস্তাবটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।