সেতুর টোল আদায়ে নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেতুর টোল আদায়ের ক্ষেত্রে নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে বৈষম্যমূলক কিছু হলে সেটা যৌক্তিক পর্যায়ে আনা হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য।
ওবায়দুল কাদের বলেন, সেতুর টোল আদায় নিয়ে কিছু জায়গায় আপত্তি উঠেছে। কিন্তু নীতিমালার আলোকে এখন টোল আদায় হচ্ছে। আর সেই নীতিমালা মন্ত্রিপরিষদে পাস হয়। এ ক্ষেত্রে নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। তবু সচিব ও বিআরটিএর চেয়ারম্যান সমস্যাগুলো চিহ্নিত করার কাজ করছেন। বৈষম্যমূলক কিছু পাওয়া গেলে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটা দূর করা হবে।
মন্ত্রী আরও বলেন, আগামী অক্টোবরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করবেন। এ ছাড়া চট্টগ্রামের রাস্তাঘাটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বরাদ্দ বাড়াতে স্থানীয় সরকারমন্ত্রীকেও নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকারমন্ত্রী এ ব্যাপারে মেয়রের সঙ্গে বৈঠক করবেন।