সেতুর টোল আদায়ের ইজারা নিতে জালিয়াতি
জালিয়াতি করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদের ওপর নির্মিত সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল আদায়ের ইজারা নেওয়া হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যাংক জামানতের ভুয়া কাগজপত্র জমা দিয়ে এক বছরের জন্য এই ইজারা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বোচ্চ দরদাতা হিসেবে তিন কোটি ১৩ লাখ টাকার চুক্তিতে ২০১২-১৩ অর্থবছরের জন্য ওই সেতুর টোল আদায়ের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বান্ধব ট্রেডিংকে নিয়োগ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমান ২০১২ সালের ৯ সেপ্টেম্বর এনসিসি ব্যাংক কুষ্টিয়া শাখার ৭৮ লাখ ২৫ হাজার টাকার ব্যাংক নিশ্চয়তাপত্র সওজ কার্যালয়ে জমা দেন।
চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১২ সালের ১০ অক্টোবর থেকে ২০১৩ সালের ৯ অক্টোবর পর্যন্ত এক বছরের জন্য সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। এক বছরের মধ্যে মতিয়ার রহমান সওজকে চুক্তির এক কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন। তিনি নির্ধারিত সময়ে বাকি এক কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করতে ব্যর্থ হন।
সওজ থেকে এ ব্যাপারে চিঠি দেওয়া হলে মতিয়ার রহমান টাকা দিতে গড়িমসি শুরু করেন। সওজের পক্ষ থেকে গত ২৫ সেপ্টেম্বর চিঠি দিয়ে তাঁকে জানানো হয়, ২ অক্টোবরের মধ্যে সমুদয় টাকা জমা না দিলে চুক্তি বাতিল করা হবে। ওই চিঠির অনুলিপি এনসিসি ব্যাংক কুষ্টিয়া শাখা ব্যবস্থাপকের কাছেও পাঠানো হয়। এর ক্রমিক নম্বর এনসিসি বিএল/বিজি-২১/২০১২।
অনুলিপি পাওয়ার পর ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ওই শাখা থেকে সওজকে জানানো হয়, বান্ধব ট্রেডিংয়ের অনুকূলে ৭৮ লাখ ২৫ হাজার টাকার নিশ্চয়তাপত্র তারা দেয়নি। ৭ অক্টোবর সওজ এই প্রতারণা ও জালিয়াতির ব্যাপারে মতিয়ার রহমানের কাছে কৈফিয়ত চায়।
অনুসন্ধানে জানা গেছে, মতিয়ার রহমান সওজের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে এনসিসি ব্যাংকের প্যাড, সিল ও ব্যবস্থাপকের সই জালিয়াতি করে ভুয়া ব্যাংক নিশ্চয়তাপত্র জমা দিয়ে সেতুর টোল আদায়ের অনুমোদন নেন।
এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, মতিয়ার রহমান নামে কোনো ব্যক্তি বা তাঁর প্রতিষ্ঠানকে ব্যাংক নিশ্চয়তাপত্র দেওয়া হয়নি।
এ ঘটনায় ৩১ অক্টোবর সওজের কর্মকর্তা সায়মা আখতার বাদী হয়ে এনসিসি ব্যাংকের দুই কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের নামে কুষ্টিয়া সদর থানায় মামলা করেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলাম এনসিসি ব্যাংকের প্যাড, সিল ও তাঁর সই জালের অভিযোগে মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মতিয়ার রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সওজ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সওজের কর্মকর্তারা জড়িত কি না, জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, যোগসাজশে জালিয়াতি করা হয়েছে। অধিকতর তদন্ত করতে মামলার নথিপত্র পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হয়েছে।