সেতুর টোল প্লাজা খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা সেতুর টোল প্লাজার সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে মহাসড়কের পশ্চিম প্রান্তের লেনের এই সড়ক দিয়ে স্থানীয় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী ট্রাক পরিবহন এবং পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর ও আদর্শ গ্রামের বাসিন্দারা চলাচল করেন। দুই মাস ধরে এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে যাওয়ায় গর্তগুলো আরও বড় আকার ধারণ করেছে। এতে বড় চাকার যানবাহনগুলো চলাচল করতে পারলেও গ্রামবাসী রিকশা ও অটোরিকশায় চলাচল করতে পারছেন না। এতে তাঁদের দুর্ভোগ বেড়ে গেছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস প্রথম আলোকে জানান, সড়কটি যানবাহন চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তের সৃষ্টি হয়ে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।স্থানীয় ইসলামপুর গ্রামের বাসিন্দা নাজির হোসেন বলেন, ‘আমরা গ্রামবাসী দুই মাস ধরে সড়কের পাশ দিয়ে হেঁটে চলতে বাধ্য হচ্ছি। ছোট পরিবহন, কোনো মালামাল বা অসুস্থ রোগীদের কোথাও নিতে পারছি না।’পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘সড়কটি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় আমরা এই সড়কের উন্নয়নে বরাদ্দ দিতে পারছি না। এই সড়কের দুরবস্থা নিয়ে প্রতিদিনই মানুষ আমাকে জানাচ্ছে।’নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার করা যাচ্ছে না। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।