সেতুর ঢালে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ঢালে কাভার্ড ভ্যানের চাপায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন এক নারীর স্বামী ও সন্তান। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই সেতুতে দুর্ঘটনাটি ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের ভাষ্য, কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সেতু থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি সেতুর ঢালে চার পথচারীকে চাপা দিয়ে রেলিংয়ে আটকে যায়। এই চারজনকে পুলিশের গাড়িতে করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের মধ্যে ফারুক নামের এক ব্যক্তি জানান, নিহত নারী তাঁর স্ত্রী। নাম রোজিনা আক্তার। আহত অপরজন ফারুকের দুই বছরের ছেলে ফারহান। তাদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। নিহত অপর শিশুর পরিচয় সম্পর্কে বলার আগেই ফারুক অচেতন হয়ে পড়েন।

পরে স্বজনেরা এলে জানা যায়, নিহত জিসান (১২) ফারুকের বোনের ছেলে। সে দাউদকান্দির রায়পুর গ্রামের কামাল হোসেনের ছেলে। এ ঘটনায় রেজিয়া আক্তার (২৮) নামের এক বালুশ্রমিক নিহত হন। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জের চাঁনপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। সেতু ঘাটে তিনি নৌযান থেকে বালু সরানোর কাজ করতেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রফিকুল জানান, ঘটনার পর থেকে চালক ও তাঁর সহকারী পলাতক।