সেতুর দাবি গ্রামবাসীর কানে তোলে না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার আলীনগর এলাকায় হাঙর খালের ওপর ঝুঁকিপূর্ণ সাঁকো পার হচ্ছেন আশপাশের বাসিন্দারা।  ছবিটি ৮ অক্টোবর তোলা l প্রথম আলো
সাতকানিয়া উপজেলার আলীনগর এলাকায় হাঙর খালের ওপর ঝুঁকিপূর্ণ সাঁকো পার হচ্ছেন আশপাশের বাসিন্দারা। ছবিটি ৮ অক্টোবর তোলা l প্রথম আলো

সাতকানিয়া উপজেলার আলীনগরের পাশ দিয়ে চলে গেছে হাঙর খাল। ওই খালের ওপর সেতু নির্মাণের দাবি গ্রামবাসীর। কিন্তু এ দাবি কেউ কানেই তোলেন না। ফলে সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামবাসীর চাঁদায় খালের ওপর কাঠের সাঁকো তৈরি করে কোনো রকমে িটকিয়ে রাখা হয়েছে যোগাযোগ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাঙর খালটি এখন মরা খালে পরিণত হয়েছে। খালের উত্তর পাড়ে নলুয়া ইউনিয়নের হাঙরমুখ গ্রাম। ওই গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। আর দক্ষিণ পাড়ে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী ও আলীনগর গ্রাম। এই দুই গ্রামেও অন্তত পাঁচ হাজার মানুষ বাস করে। খালের দুই পাশের লোকজন ও শিক্ষার্থীদের কাঠের সাঁকো পার হয়ে হাঙরমুখ বাজারসহ পাশের বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে হয়। জরুরি চিকিৎসাসেবা বা গাড়ি নিয়ে যেতে হলে আধা কিলোমিটার পথ ঘুরে পাকা সেতুর ওপর দিয়ে বিভিন্ন এলাকায় যেতে হয়।
৩ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ১৬ ও প্রস্থ সাড়ে তিন ফুট। বাঁশের খুঁটি ও কাঠ দিয়ে তৈরি নড়বড়ে সাঁকোটি দিয়ে কয়েকজন শিশু ঝুঁকি নিয়ে পার হচ্ছে। তিন থেকে চারজনের বেশি মানুষ উঠলেই এটি দুলতে থাকে।
আলীনগর গ্রামের বাসিন্দা মো. আবু বক্কর (৫৯) বলেন, এলাকার লোকজন আগে অনেকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হাঙর খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। কিন্তু শুধু প্রতিশ্রুতিই দিয়েছেন তাঁরা। কাজের কাজ কিছুই হয়নি। এখন নতুন চেয়ারম্যানের কাছেও সেতু নির্মাণের দাবি জানানো হবে।
ইছামতী গ্রামের ব্যবসায়ী নুরুল আলম (৪০) বলেন, সাঁকোর ওপর দিয়ে মালামাল আনা-নেওয়া করা যায় না। তাই বেশি টাকা খরচ করে দূরের বিকল্প সেতু দিয়ে গাড়িতে করে মালামাল আনা-নেওয়া করতে হয়। এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ বলেন, ‘নতুন চেয়ারম্যান হয়েছি। এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করে যাব। ওই খালের ওপর সেতু নির্মাণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হবে।’