সেতুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁও-হালুয়াঘাট এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন তিনটি ইউনিয়নের লোকজন। সুরমা ইউনিয়নের হালুয়াঘাট বাজারে এই মানববন্ধনের আয়োজন করে ‘সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’। মানববন্ধনে জানানো হয়, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তর পাড়ের সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ সুনামগঞ্জ-ডলুরা সড়ক হয়ে জেলা শহরে যাতায়াত করেন। ডলুরায় সীমান্ত হাট ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে। সেখানে একটি শুল্ক স্টেশন প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। অথচ এই সড়কের সুরমা নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন মানুষ ভোগান্তির শিকার হন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. আবু সুফিয়ান, সৈয়দুর রহমান, মো. আবদুর রব, আকরাম উদ্দিন, শামীম আহমদ, মুজিবুর রহমান, ফারুক আহমদ, নাজিম উদ্দিন প্রমুখ। সুনামগঞ্জ অফিস