সেতুর দাবিতে হুইপের পথরোধ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে রাস্তায় শুয়ে পড়ে জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ শাহাব উদ্দিনের কাছে জুড়ী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গতকাল সোমবার উপজেলার চৌমোহনা এলাকায় দাবি আদায়ে মানববন্ধন করছিলেন এলাকাবাসী। এ সময় হুইপ ওই এলাকা অতিক্রমকালে রাস্তায় শুয়ে পথ রোধ করে নিজেদের দাবি তুলে ধরেন তাঁরা।
উপজেলার বৃন্দারঘাট এলাকায় জুড়ী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছেন স্থানীয় লোকজন। গতকাল বেলা তিনটার দিকে সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা-বাগান চৌমোহনা এলাকায় মানববন্ধন শুরু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে হুইপ শাহাব উদ্দিন যুবলীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে মানববন্ধনকারীরা সড়কে শুয়ে তাঁর গাড়িবহরের পথ রোধ করেন। একপর্যায়ে হুইপ গাড়ি থেকে নেমে আসেন। এ সময় হুইপের সঙ্গে আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী প্রমুখ ছিলেন।
হুইপ শাহাব উদ্দিন এ সময় বলেন, বৃন্দারঘাটে সেতু নির্মাণের ব্যাপারে কাপনাপাহাড় চা-বাগান কর্তৃপক্ষ লিখিতভাবে আপত্তি জানিয়েছিল। তাই সেতুটি করা সম্ভব হয়নি। তারা আপত্তি প্রত্যাহার করলে সেতু করা হবে।
কাপনা টি কোম্পানির মালিকানাধীন কাপনাপাহাড় চা-বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান মুঠোফোনে বলেন, বাগানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সাত-আট বছর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ওই আপত্তি জানিয়েছিল। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে চাননি।